শক্তিশালী ভারতকে হারিয়ে
এশিয়া কাপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শুক্রবার দুবাইয়ের আইসিসিএ-২
গ্রাউন্ডে সেমিফাইনাল ম্যাচে ভারতকে চার উইকেটে হারায় বাংলাদেশ। রোববার ফাইনালে বাংলাদেশের
প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আজ আরেক সেমিফাইনালে পাকিস্তানকে ১১ রানে হারায় স্বাগতিক
দলটি।
বল হাতে মারুফ মৃধা, আর
ব্যাট হাতে আরিফুল ইসলাম বাংলাদেশের জয়ের দুই নায়ক। ১৭ বছর বয়সী বামহাতি পেস বোলার
মারুফ মৃধা ৪১ রানে ৪ উইকেট শিকার করে ভারতকে ১৮৮ রানে গুটিয়ে দিতে রাখেন বড় ভূমিকা।
পাশাপাশি শেখ পারভেজ ইমন ও রোহানাত বর্ষণ দুটি করে উইকেট নেন।
১৮৯ রানের লক্ষ্য তাড়া
করতে নেমে ৩৪ রানের মধ্যে জিশান আলম, চৌধুরী মো. রিজওয়ান ও আশিকুর রহমানকে হারিয়ে ভীষণ
চাপে পড়ে বাংলাদেশ। এরপর দুর্দান্ত লড়াই করেন আরিফুল। চতুর্থ উইকেটে আহরার আমিনকে (৪৪)
নিয়ে ১৩৮ রানের জুটিতে ভারতের সব আশা শেষ করে দেন তিনি।
দলীয় ১৭২ রানের সময় আরিফুল
ফেরেন সাজঘরে। এরপর দ্রুতই আরো দুটি উইকেট হারালেও জিততে অসুবিধা হয়নি টাইগার যুবাদের।
আরিফুল ৯০ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রান করেন। আহরার করেন ১০১ বলে ৪৪ রান।
ভারতের নামান তিওয়ারি
৩৫ রানে তিনটি ও রাজ লিম্বানি ৪৭ রানে দুটি উইকেট নেন।
আগামী ২০ জানুয়ারি ফের
দেখা হবে বাংলাদেশ ও ভারতের। দক্ষিণ আফ্রিকায় বসছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ব্লোয়েমফন্টেইনে
নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের দুই দল।
আজ দুবাইয়ের আইসিসিএ গ্রাউন্ডে
আগে ব্যাটিং করে ১৯৩ রানে অলআউট হয়ে যায় আমিরাতিরা। জবাব দিতে নেমে ৪৯.৩ ওভারে ১৮২
রানে গুটিয়ে যায় পাকিস্তান। শেষ ওভারেই দুই উইকেট হারায় দলটি। আরব আমিরাতের আয়ান আফজাল
খান ৫৭ বলে ৫৫ রান করে ম্যাচসেরা খেলোয়াড় হন।










