নিম্নচাপের প্রভাবে ঢাকায় আজ সারাদিনেও সূর্যের দেখা মেলেনি।
গুমোট এই আবহাওয়ায় আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন
নিউজিল্যান্ডের ঘূর্ণির সামনে ১৭২ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশ। বিপর্যস্ত
স্বাগতিকরা পরে ঘূর্ণির জবাব ঘূর্ণিতেই দিয়েছে। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম
৪৬ রানে তুলে নেন প্রতিপক্ষের ৫ উইকেট। আলোকস্বল্পতায় বিকাল ৪টা ১৬ মিনিটে প্রথম দিনের
খেলার সমাপ্তি ঘটে। অতিথি দল ৫৫/৫ স্কোর নিয়ে মাঠ ছাড়ে।
সিলেট টেস্টে ১০ উইকেট শিকারি তাইজুল ইসলাম আজ ষষ্ঠ ওভাবেই
আঘাত হানেন। এরপর তার সঙ্গে যোগ দেন মেহেদী হাসান মিরাজও। দুজন মিলে অতিথি দলের টপ
অর্ডার গুঁড়িয়ে দেন। মিরাজ ১৭ রানে ৩টি ও তাইজুল ২৯ রানে ২টি উইকেট নেন।
৮০ ওভারেরও কম সময় খেলা হয় প্রথম দিন, এতে ১৫ উইকেটের
পতন ঘটে।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ কিউইদের স্পিনে
ধরাশায়ী হয়। মিচেল স্যান্টনার (৩/৬৫), গ্লেন ফিলিপস (৩/৩১) ও এজাজ প্যাটেল (২/৫৪) বাংলাদেশের
৮ উইকেট ভাগাভাগি করেন। পেসার টিম সাউদি নেন ১টি উইকেট।
হাত দিয়ে বল ধরে বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে
‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন মুশফিকুর রহিম। পেসার কাইল জেমিসনকে রক্ষণাত্বক
খেলার পর বল লাফিয়ে পেছনের দিকে যাওয়ার সময় তিনি হাত দিয়ে ধরে ফেলেন। এতে কিউইরা আউটের
আবেদন করলে আম্পায়াররা ভিডিও চেকিংয়ের পর তাকে আউট দেন।
ক্রিকেট পাড়ায় সারাদিন মুশফিকের অদ্ভূতুড়ে আউট নিয়েই আলোচনা।
বিশেষ করে, তার মতো অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে এমনটি হওয়ায় সমালোচনাও চলছে।
মুশফিকের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট নিয়ে বাংলাদেশ
দলের ওপেনার ও আজই আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে অভিষেক ঘটা তামিম ইকবাল বলেন,
‘যে খেলোয়াড়টি ৮০টি টেস্ট খেলেছে সে এটা করতে পারে না। অনুশীলন করতে করতে এমন অভ্যাস
হয়ে উঠেছে মনে হয়। নেটে ব্যাটাররা প্রায়ই বল এভাবে ধরে বোলারকে ফেরত দেন। সম্ভবত অবচেতন
মনেই মুশফিক এটা করতে গিয়ে হাত বাড়ায়। যদিও এটা কোনোভাবেই অজুহাত হতে পারে না।’
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানও
আসে মুশফিকের ব্যাট থেকে। এছাড়া শাহাদাত হোসেন দিপু ৩১ ও মেহেদী হাসান মিরাজ ২০ রান
করেন।










