টানা পাঁচ লিগ ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে জয়ের মুখ দেখল লিভারপুল। জিততে না পারা পাঁচ ম্যাচের চারটিতে আবার গোলের দেখাও পায়নি লিগ চ্যাম্পিয়নরা, সময়ের হিসাবে সেটি ছিল ৪৮২ মিনিট। অবশেষে রবার্তোর ফিরমিনোর গোলে খরা কাটানোর সঙ্গে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ও পেল ‘অল রেড’রা। টটেনহামের বিপক্ষে তাদের মাঠেই লিভারপুলের জয় ৩-১ গোলে।
অ্যাওয়েতে পাওয়া এই জয়টি লিভারপুলকে সামনের ম্যাচগুলোতে দারুণভাবে আত্মবিশ্বাসী করে তোলবে। সে সঙ্গে শিরোপা লড়াইয়েও ভালোভাবে টিকিয়ে রাখল দলটিকে।
স্পার্সদের মাঠে শুরু থেকেই জমে উঠেছিল ম্যাচ। দুই পক্ষই এ ম্যাচে খেলেছে আক্রমণাত্মক। আগের ম্যাচগুলোতে নিষ্প্রভ থাকা লিভারপুলের আক্রমণ ত্রয়ীকেও এ ম্যাচে দেখা গেছে উজ্জ্বল। ট্রেডমার্ক প্রেসিংগুলোও ছিলও দারুণ। যদিও গোলের জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। সাদিও মানের পাস থেকে ট্যাপ করে ফিরমিনো গোল মুখ খোলার পর কোচ ইয়ুর্গেন ক্লোপের উদযাপনও ছিল দেখার মতো। যেখানে উচ্ছ্বাসের সঙ্গে লুকিয়ে ছিল স্বস্তিও।
বিরতির মাত্র দুই মিনিট পর ব্যবধান দ্বিগুন করে লিভারপুল। এবার গোল করেন ট্রেন্ট আলেকসান্দার আরনল্ড। মানের শট লরিস প্রথমে ঠেকিয়ে দিলেও ফিরতি শটে পরাস্ত হন আরনল্ডের কাছে। তিন মিনিট পরেই অবশ্য ব্যবধান কমায় টটেনহাম। এরপর সমতা ফেরানোর চেষ্টা চালিয়ে যায় তারা। কিন্তু ৬৫ মিনিটে স্পার্সদের কাছ থেকে ম্যাচ আরো দূরে নিয়ে যান মানে। আরনল্ডের মাপা ক্রসে দারুণ প্লেসিংয়ে গোল করেন মানে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
এ জয়ে ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে আসল লিভারপুল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪১।










