আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

 

আজ মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান। আইসিসি আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জয় শাহের বিজয়ের খবর নিশ্চিত করেছে। ৩৫ বছর বয়সী জয় শাহ আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হতে চলেছেন।

 

জয় শাহ এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী ও বৃহৎ ক্রিকেট বোর্ড বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ২০১৯ সালের অক্টোবর থেকে। এছাড়া ২০২১ সালের জানুয়ারি থেকে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

 

বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে তৃতীয় মেয়াদে আর নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়ায় জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

 

ভারত থেকে এর আগে জগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর আইসিসির শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। জয় শাহ চলতি বছর ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন।

 

নতুন দায়িত্ব পেয়ে জয় শাহ বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করব। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরো বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।’