গত মাসেই ১৩ লাখ ডলার দিয়ে লিভারপুল থেকে কানাডিয়ান তারকা অলিভিয়া স্মিথকে কিনে মেয়েদের ফুটবলের দলবদলে রেকর্ড গড়েছিল আর্সেনাল। সেই রেকর্ডটি এক মাসও টিকল না। এবার মেক্সিকো জাতীয় দলের তারকা লিজবেথ জ্যাকুলিন ওভালে মুনোজকে ১৫ লাখ ডলারে কিনে নতুন রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো প্রাইড।
ন্যাশনাল উইমেনস সুপার লিগের দলটির সঙ্গে জ্যাকুলিনের চুক্তি হয়েছে ২০২৭ পর্যন্ত। দুই পক্ষ চাইলে চুক্তিটা ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে।
এ নিয়ে এক বছরের মধ্যে তিনবার মেয়েদের ফুটবলের দলবদলে রেকর্ড ভাঙল। এ বছর জানুয়ারিতে স্যান ডিয়েগো ওয়েভ থেকে ডিফেন্ডার নাওমি গিরমাকে ১১ লাখ ডলারে কিনে নেয় চেলসি। অলিভিয়া স্মিথ লিভারপুল থেকে আর্সেনালে নাম লেখালে ভেঙে যায় সেই রেকর্ড। এবার রেকর্ড হলো অরল্যান্ডো প্রাইডের কল্যাণে।
অরল্যান্ডো প্রাইডের মালিক মার্ক উইলফ এ দলবদল নিয়ে বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে চ্যাম্পিয়নশিপ জেতার মতো দল গড়তে চেষ্টা করে গেছি এবং সর্বশেষ এ ল্যান্ডমার্ক সাইনিংটাও সেটা মাথায় রেখেই করা। জ্যাকি একজন বিশ্বমানের মেধাবী খেলোয়াড় এবং তাকে সই করার মধ্য দিয়ে নারীদের ফুটবলে সেরাদের মধ্যে অবস্থান তৈরি করে নেয়ার প্রয়াস আমাদের অব্যাহত থাকবে। শুধু আজকের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা নারীদের ফুটবলে বিনিয়োগ করছি এবং এজন্য আমরা গর্বিত।’
পুরুষ কিংবা নারী মিলিয়ে জ্যাকুলিনই প্রথম মেক্সিকান হিসেবে কোনো বিশ্বরেকর্ডের সঙ্গে নিজের নাম লেখালেন। ভবিষ্যতে তাকে যদি বিক্রি করে অরল্যান্ডো প্রাইড, তবে সেই ফির ১০ শতাংশ পাবে তার আগের দল ফেমেনিল টাইগ্রেস। দলটির হয়ে ২০১৭ সাল থেকে ২৮৩ ম্যাচ খেলে ১৩৩ গোল করেছেন ২৫ বছর বয়সী জ্যাকুলিন। ক্লাবটির হয়ে ছয়টি শিরোপা জিতেছেন তিনি। আর মেক্সিকো জাতীয় দলের হয়ে ৬৪ ম্যাচ খেলে করেছেন ২২ গোল।
জ্যাকুলিনের স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লেখানোর গুঞ্জন ছিল। যদিও তিনি অরল্যান্ডো প্রাইডে যোগ দিলেন। শিগগিরই তিনি নতুন ক্লাবের সতীর্থদের সঙ্গে মিলিত হবেন। এ মুহূর্তে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অরল্যান্ডো।
১৫ লাখ ডলার ফি চুক্তির তিন বছরে পরিশোধ করবে। ন্যাশনাল উইমেনস সুপার লিগের নিয়মানুযায়ী, একটি দল বছরে সর্বোচ্চ সাড়ে ৫ লাখ ডলার খরচ করতে পারবে। এ বছরের শুরুর দিকে ব্রাজিলিয়ান খেলোয়াড় আদ্রিয়ানাকে ৫ লাখ ডলারে সৌদি ক্লাব আল কাদসিয়ায় পাঠিয়েছে অরল্যান্ডো। সেটাই তাদের জ্যাকুলিনকে কিনতে সাহায্য করেছে। ‘লা মায়া’ বা ‘দ্য ম্যাজিশিয়ান’ খ্যাত জ্যাকুলিন এ বছর প্রথম দিকে গুয়াদালহারার বিপক্ষে স্করপিয়ন কিকে গোল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। সেই থেকে তার কদর বাড়তে থাকে।










