বিশ্ব ফুটবলে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কর্তৃত্ব শেষ পর্যায়ে। দুই কিংবদন্তির পর ইউরোপের ফুটবলে শাসন করবে কারা? এমন প্রশ্নে বেশি উচ্চারিত হচ্ছে কিলিয়ান এমবাপ্পে ও এর্লিং ব্রাউট হালান্ডের নাম। মেসিকে শৈশবে সই করিয়ে নেয় বার্সেলোনা। আর রোনালদোর ক্যারিয়ারের উত্থানের মুহূর্তে তাকে ম্যানইউর কাছ থেকে ছিনিয়ে নেয় রিয়াল। এখন রোনালদো রিয়ালে নেই, মেসিও বার্সায় নেই। তাই নতুনদের পেছনে ছুটছে দুটি ক্লাব।
এমবাপ্পেকে দলে ভেড়ানোর জন্য গত মৌসুম থেকেই তার পেছনে লেগে আছে রিয়াল। পিএসজিকে ১৭০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েও ব্যর্থ হয় স্প্যানিশ ক্লাবটি। পিএসজি এমবাপ্পের রিলিজ ক্লজ করে রাখে ২২০ মিলিয়ন ইউরো। আগামী গ্রীষ্মে তার সঙ্গে ফরাসি ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হবে। এমবাপ্পে চাইলেই আগামী গ্রীষ্মের দলবদলে যেকোনো দলে স্বাধীনভাবে যোগ দিতে পারবেন। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, রিয়ালেই নাম লেখাতে চান এমবাপ্পে। কিন্তু ফরাসি স্ট্রাইকারকে যদি বুঝিয়ে-শুনিয়ে নতুন চুক্তিতে রাজি করাতে পারে পিএসজি, তাহলে স্বপ্নভঙ্গ হবে রিয়ালের।
বড় অংকের প্রস্তাব দিয়েও এমবাপ্পেকে পাওয়া রিয়ালের জন্য নিশ্চিত নয়। রিয়াল সেটি ভালো করেই জানে। কেননা তাকে পেতে মুখিয়ে আছে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো। এদের মধ্যে আর্থিক সক্ষমতা অবশ্য সবার নেই। এই অনিশ্চয়তার কথাটি মাথায় রেখেই স্প্যানিশ ক্লাবের নজর আরেক সেরা স্ট্রাইকার বরুশিয়া হালান্ডের দিকেও।
যদিও হালান্ডের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে জার্মান ক্লাবটির।
বার্সাও তাকে স্বাক্ষর করানোর দৌড়ে আছে। তার এজেন্ট মিনো রাইওলার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে অবশ্য এ সময় কেউ রাইওলার সঙ্গে বৈঠক করেননি।
জাভি হার্নান্দেজের দল দলের শক্তি বাড়াতে মরিয়া। তারা শীতে না পারলেও গ্রীষ্মের দলবদলে হালান্ডকে দলভুক্ত করতে চাইবে। যদিও তেবাস মনে করেন, বার্সার আর্থিক দুরবস্থাই তাদের আশা পূরণ হতে দেবে না। লা লিগার এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি মনে করি না তারা হালান্ডকে সই করাতে সফল হবে, কারণ এখানে তাদের পথে বাধা আর্থিক সীমাবদ্ধতা। এখানে অনেক ঘটনার উদ্ভব হবে এবং রাইওলা (এজেন্ট) তাকে কোনোভাবেই কমে বিক্রি করবেন না, তিনি উচ্চ দামই চাইবেন।
বলাবাহুল্য, তেবাস অনড় থাকার কারণেই লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। মেসি ও বার্সেলোনা উভয় পক্ষই চুক্তি নবায়নে ইচ্ছুক ছিল। যদিও লা লিগার আর্থিক বিধিনিষেধের কারণে মেসিকে রাখতে পারেনি বার্সা। তাকে রাখলে লা লিগার বেঁধে দেয়া সীমার চেয়ে বেশি খরচ হতো বার্সেলোনার। সেই তেবাস এবার হালান্ডের ব্যাপারেও বার্সাকে আগে থেকেই হয়তো সাবধান করে দিলেন।
মার্কার খবরে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ হালান্ডের দলবদলের বিষয়ে নীরব দর্শক হয়ে পর্যবেক্ষণ করছে। নরওয়েজিয়ান তারকাকে দলে ভেড়াতে চাইলেও তারা অন্য ক্লাবগুলোর সঙ্গে এ নিয়ে লড়াইয়ে লিপ্ত হতে চায় না।
২১ বছর বয়সী হালান্ডের রিলিজ ক্লজ ৭৫ মিলিয়ন। এই অর্থ দিয়ে তাকে কেনা রিয়ালের মতো বড় ক্লাবের জন্য খুব অসম্ভব নয়। অবশ্য তাকে কেনার প্রার্থিতার তালিকায় আছে পিএসজি ও ম্যানচেস্টার সিটির মতো বিত্তশালী দলও।
এমবাপ্পের প্রতিই বেশি আগ্রহ রিয়ালের। তাদের বিশ্বাস ২২ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার আগামী গ্রীষ্মেই তাদের সঙ্গে যোগ দেবেন। এতে এমবাপ্পে, বেনজেমা, ভিনিসিয়ুস, রদ্রিগো ও অ্যাসেনসিওদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগ হবে ক্লাবটির। মার্কা










