তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের তিস্তা জোনের খেলা গতকাল রংপুর স্টেডিয়ামের ইনডোর মাঠে শুরু হয়েছে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে আটটি ও নারী বিভাগে সাতটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে।

গতকাল সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন ও সদস্য বাদশা মিয়া। উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে জয় পেয়েছে স্বাগতিক রংপুর ও লালমনিরহাট জেলা। উত্তেজনাপূর্ণ ম্যাচে রংপুর ৫৬-৩৯ পয়েন্টে হারিয়েছে ঠাকুরগাঁও জেলাকে। আরেক ম্যাচে লালমনিরহাট বড় ব্যবধানে হারায় পঞ্চগড় জেলাকে। তারা জিতেছে ৬৭-১৭ পয়েন্টের ব্যবধানে। নারী বিভাগেও দাপট দেখিয়েছে স্বাগতিক রংপুর। তারা ৬০-২৩ পয়েন্টে ঠাকুরগাঁও জেলাকে হারায়। নারী বিভাগের অন্য ম্যাচে দিনাজপুর ৩৮-২৬ পয়েন্টে পঞ্চগড় জেলাকে হারায়।