অকল্যান্ডে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের প্রথম ম্যাচে হারল পাকিস্তান। আগে ব্যাট করে ৮ উইকেটে ২২৬ রানের সৌধ গড়ে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৮০ রানে গুটিয়ে গেছে দলটি সফরকারীরা। টি২০ দলের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেই হেরেছেন পেস বোলার শাহিন শাহ আফ্রিদি।

 

আগে ব্যাটিং করে দুশোর্ধ্ব সংগ্রহ পায় কিউইরা। আইপিএলে ১৪ কোটি রুপি দাম পাওয়া ড্যারিল মিচেল ২৭ বলে ৬১ রান করেছেন সমান ৪টি চার ও ৪টি করে ছক্কার সাহায্যে। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন ৪২ বলে ৫৭, ফিন অ্যালেন ১৫ বলে ৩৪, মার্ক চ্যাপম্যান ১১ বলে ২৬ ও গ্লেন ফিলিপসও ১১ বলে ১৯ রান করেন। শাহিন আফ্রিদি ও আব্বাস আফ্রিদি তিনটি করে ও হারিস রউফ দুটি উইকেট নেন।

 

বিশাল রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ১৮০ রান তুলে সবকটি উইকেট হারায় পাকিস্তান। সাবেক অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ ৫৭ রান করেন ৩৫ বলের মোকাবেলায়। এছাড়া ওপেনার সাইম আইয়ুব ৮ বলে ২৭, সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১৪ বলে ২৫ ও ইফতিখার আহমেদ ১৭ বলে ২৪ রান করেন। টিম সাউদি চারটি এবং অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স দুটি করে উইকেট নেন।

 

হারশেষে নতুন অধিনায়ক আফ্রিদি বলেন, ‘প্রথমবার নেতৃত্ব দিলাম। পাকিস্তানকে নেতৃত্ব দেয়া সব সময়ই গৌরবের। এখানে বাউন্ডারি বেশ ছোট ছিল, বোলাররা চ্যালেঞ্জের মুখে পড়ে। অবশ্য হারলেও আমরা ভালো ক্রিকেট খেলেছি আমরা। সিরিজের সবে সূচনা হলো। পরের ম্যাচগুলোতে আমরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমি মনে করি সাইম আইয়ুব ভালো একটি ইনিংস খেলেছে। বিশ্বকাপের আগে সঠিক পরিকল্পনা নিয়ে এদের মতো তরুণদের সুযোগ করে দিতে হবে।’

 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২২৬/৮। পাকিস্তান: ১৮ ওভারে ১৮০/১০। ফল: নিউজিল্যান্ড ৪৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)।