ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। গতকাল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্মআপ করছিলেন দুই দলের খেলোয়াড়রা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকার সহকারী কোচ জাকি। তাকে সিপিআর দেয়ার পর অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কিছু জরুরি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর জাকিকে সিপিআর দেয়া হয়। তাৎক্ষণিক তিনি নিশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ৫৯ বছর বয়সী জাকি বিশেষজ্ঞ পেস বোলিং কোচ, যিনি ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স কোচ হিসেবে যোগদান করেন এবং দেশের পেস বোলিংয়ের উন্নয়নে মূল্যবান অবদান রেখেছেন। সর্বশেষ তিনি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন।