টেস্টে নিজের একাদশ সেঞ্চুরি
করে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে দারুণ এক অবস্থানে নিয়ে যাচ্ছেন
মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখার সময় আজ শনিবার চতুর্থ দিন প্রথম ইনিংসে প্রথম সেশন
শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১৭ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান। মুশফিক ২০৮ বলে ১০১ ও মেহেদী
হাসান মিরাজ ৪৪ বলে ১৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যান। ৫৯ রানে পিছিয়ে
ছিল বাংলাদেশ। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।
এটাই পাকিস্তানের মাঠে
বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৬১, যা ২০০৩ সালে পেশোয়ার
টেস্টে করেছিল টাইগাররা। সব মিলে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ
৫৫৫/৬। খুলনায় ২০১৩ সালে তামিম ইকবালের ডাবল সেঞ্চুরিতে ভর করে ওই রান তুলেছিল বাংলাদেশ।










