অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই শক্ত পরীক্ষার মুখে পড়েন বিশ্বের এক নম্বর র‍্যাংকধারী খেলোয়াড় ইগা সিয়ানতেক। যদিও এই হার্ডল তিনি ভালোভাবেই টপকে গেলেন। আজ মেলবোর্ন পার্কে ২০২০ সালের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনকে ৭-৬ (৭/২), ৬-২ গেমে হারান পোলিশ সুপারস্টার।

 

শীর্ষ বাছাই ইগা জয়ের পর বলেছেন, এখন থেকে প্রতিটি ম্যাচেই তাকে যেকোনো কারো জন্য তৈরি থাকতে হবে। দ্বিতীয় রাউন্ডে আরেক শক্ত হার্ডল তার সামনে। তিনি এবার খেলবেন ২০২২ আসরের রানার্সআপ যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল কলিন্সের বিপক্ষে, যিনি আজ প্রথম রাউন্ডে হারান দুইবারের সাবেক চ্যাম্পিয়ন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। এই কলিন্স ২০২২ সালে সেমিফাইনালে ইগাকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।

 

জয় শেষে ইগা বলেন, ‘আপনি কখনই জানেন না, সামনে আপনার কে পড়বে। কাজেই সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। টেনিস এমনই এক খেলা যেখানে ড্র মানেই আপনার সামনে পড়তে পারে সাবেক চ্যাম্পিয়ন, সাবেক নাম্বার ওয়ান কিংবা এমন কেউ যার রয়েছে বিশাল অভিজ্ঞতা। নেটের ওপাড়ে কে, সেটি নিয়ে আমি মোটেও ভাবি না। কারণ, আমি জানি, টুর্নামেন্ট জিততে হলে আমাকে সেরা কিছু খেলোয়াড়কে হারাতে হবে এবং নিজের সেরা টেনিস খেলতে হবে।’

 

তিনবার ফ্রেঞ্চ ওপেন ও একবার ইউএস ওপেন জয় করা ইগা সব মিলে টানা ১৭তম জয় তুলে নেন আজ। তিনি অনেকটা সহজেই হারান ৪১ র‍্যাংকধারী কেনিনকে।

 

এছাড়া তারকাদের মধ্যে কাজাখস্তানের এলেনা রিবাকিনা ৭-৬ (৮/৬), ৬-৪ চেক রিপাবলিকের ক্যারোলিন প্লিসকোভাকে, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-১, ৪-৬, ৬-৩ গেমে ইতালির ক্যামিলা গিওর্গিকে হারান। চোট থেকে ফিরে এসে জিতেছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ব্রিটেনের এমা রাদুকানু। তিনি ৬-৩, ৬-২ গেমে হারান যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে।