পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ টেস্ট সিরিজ খেললেন ডেভিড ওয়ার্নার। এ সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ওয়ার্নারকে দারুণ এক বিদায়ী উপহার দিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। সিডনিতে গতকাল চতুর্থ দিন ১৩০ রানের সহজ টার্গেট পায় স্বাগতিক দলটি। মারনাস লাবুশেন ৬২ ও ওয়ার্নার ৫৭ রানের ইনিংস খেলে দলকে ৮ উইকেটের জয় এনে দেন। 

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শুক্রবার তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে ৮২ রানে এগিয়ে ছিল তারা, হাতে মাত্র ৩ উইকেট। গতকাল সকালে মোহাম্মদ রিজওয়ান (২৮) ও আমির জামালের (১৮ রান) ব্যাটে ভর করে ১১৫ রান তুলে অলআউট হয় অতিথি দল। বোর্ডে ৪১ রান যোগ করে পরপর দুই ওভারে দুজন আউট হয়ে যান। জস হ্যাজেলউড ১৬ রানে ৪টি ও নাথান লায়ন ৩৬ রানে ৩টি উইকেট নেন। 

সহজ টার্গেট তাড়া করতে নামা অজিদের শুরুতেই ধাক্কা দেন স্পিনার সাজিদ খান। প্রথম ওভারের শেষ বলে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন উসমান খাজাকে। যদিও আর কোনো উত্তেজনা হয়নি। ওয়ার্নার ও লাবুশেনের বিশ্বস্ত ব্যাটে ১০০ রান পেরিয়ে যায় অজিরা। দলের ১১৯ রানের সময় সাজিদ খানের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এটাই তার শেষবারের মতো সাজঘরে ফেরা। যদিও শেষ ইনিংসে ফিফটি করে দলের জয়ে মূল্যবান অবদান রাখেন তিনি। 

প্রথম ইনিংসে ৮২ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করার পাশাপাশি অজিদের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা আমির জামাল ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন। আর সিরিজসেরা খেলোয়াড় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেন। এছাড়া জামাল ১৮টি, লায়ন ১৩টি উইকেট নেন। শীর্ষ তিন রান সংগ্রাহকই অস্ট্রেলিয়ার। মিচেল মার্শ ৩৪৪, ওয়ার্নার ২৯৯ ও খাজা ২২০ রান করেন। 

১১২ টেস্ট খেলে থামলেন ওয়ার্নার। লাল বলের এ ক্রিকেটে ২৬টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটিতে তিনি করেছেন ৮ হাজার ৭৮৬ রান। সর্বোচ্চ ৩৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ওয়ানডেতে ৬ হাজার ৯৩২ ও টি২০-তে ২ হাজার ৮৯৪ রান করেছেন ওয়ার্নার। সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। শেষ টেস্ট খেলার পর ওয়ার্নার বলেন, ‘আমি চাই মানুষ আমাকে এভাবেই মনে রাখুন যে আমি বিনোদন দিতে পেরেছি। আমি আশা করি, যেভাবে খেলেছি তাতে প্রত্যেকের মুখেই হাসি ফোটাতে পেরেছি। আশা করি, এখানে যে তরুণরা দাঁড়িয়ে আছে, তারা আমার পদাঙ্ক অনুসরণ করতে পারবে। এ দলটি প্রাণশক্তিতে ভরপুর। তারা বিশ্বমানের এবং একঝাঁক মেধাবী রয়েছে।’

গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। সদ্যই টেস্ট র‍্যাংকিংয়েও ভারতকে ১ নম্বর থেকে সরিয়ে দেয় অজিরা। এবার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও রোহিত শর্মার দলকে শীর্ষস্থানচ্যুত করল প্যাট কামিন্সের দল। 

পাকিস্তানকে টানা তিন ম্যাচে হারানোর পুরস্কার পেল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৮ টেস্টের ৫টিতে জেতা অজিদের এখন ৫৬.২৫ শতাংশ পয়েন্ট। পাকিস্তান ১ নম্বর থেকে নেমে গেছে ছয় নম্বরে। ভারত ৫৪.১৬ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ প্রত্যেকেই ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পরের স্থানগুলোয় রয়েছে।