ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফাইনালে আজ চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বাই সংযুক্ত আরব আমিরাতে চলতি আসরেই তিন তিনবার হারিয়েছে দিল্লিকে। এর মধ্যে সর্বশেষ তারা প্রথম কোয়ালিফায়ারে হারায় শ্রেয়াস আইয়ারের দলকে। এরপর দ্বিতীয় এলিমিনেট ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে ওঠে দিল্লি।

আইপিএল ফাইনাল মানেই গ্যালারিভর্তি দশকের গগনবিদারি চেচামেচি, চিত্কার। কিন্তু এবার আবহটা সম্পূর্ণ ভিন্ন। করোনাভাইরাস মহামারীর কারণে দর্শকহীন মাঠেই খেলা হবে। যদিও বিশ্বব্যাপী অন্তত ২০ কোটি দর্শক এই ফাইনাল দেখবেন টেলিভিশনের পর্দায়।

গত সপ্তাহের প্লে-অফে দিল্লিকে হারানোয় মুম্বাই খেলোয়াড়রা মনস্তাত্ত্বিকভাবে আজ বেশ এগিয়ে থাকবেন বলেই মনে করেন দলটির অধিনায়ক রোহিত শর্মা, যদিও গত সপ্তাহে যা ঘটেছে তা নিয়ে ‘খুব বেশি ভাবছেন না’ তারা। রোহিতের কথায়, অবশ্যই এ জয় থেকে অনেক আত্মবিশ্বাস পাওয়ার আছে, কিন্তু এ নিয়ে আপনি পড়ে থাকতে পারেন না। যে ছেলেটি একটি ভালো ম্যাচ খেলল, সে-ই ম্যাচ থেকে দলকে ছিটকে দিতে পার। তবে হ্যাঁ, আমরা যদি সবকিছু ঠিকঠাক করতে পারি, তবে পঞ্চম শিরোপাটি ব্যাগে ভরতে পারব।

২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে রোহিতের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই। 

দিল্লির দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা ফাইনাল নিয়ে বলেন, তরুণ এক অধিনায়ককে নিয়ে আমাদের দলটিও বেশ তরুণ। ফাইনালে খেলাটা আমাদের জন্য পরাবাস্তব লাগছে। এটা লম্বা এক টুর্নামেন্ট, কঠিন এক টুর্নামেন্ট এবং এখন সর্বশেষ ধাপটি টপকাতে হবে আমাদের। 

জসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্টদের অবিশ্বাস্য বোলিং ও শক্তিশালী ব্যাটিং লাইন-আপ নিয়ে এবার দুর্দান্ত খেলে যাচ্ছে মুম্বাই। বুমরাহ ২৭ উইকেট ও বোল্ট ২২ উইকেট নিয়েছেন। যদিও কুঁচকির চোটের কারণে আজকের ফাইনালে অনিশ্চিত গত মৌসুমেই দিল্লিতে খেলা বোল্ট।  

এবারের লিগে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের মধ্যে রয়েছেন মুম্বাইয়ের কুইন্টন ডি কক ও ২২ বছর বয়সী ইশান কিষাণ। এছাড়া সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ডও মূল্যবান অবদান রেখেছেন। 

দিল্লিকে টানছেন রাবাদা ও তার স্বদেশী এনরিখ নর্তজে। রাবাদা ২৯ উইকেট নিয়ে এবারের লিগে শীর্ষস্থানে, আর নর্তজে নিয়েছেন ২০ উইকেট।    

সূত্র: ক্রিকইনফো ও বিবিসি