হায়দরাবাদের উপ্পলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ সফরকারী ইংল্যান্ডকে ২৪৬ রানে অলআউট করেছে ভারত। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা অধিনায়ক বেন স্টোকসের লড়াইয়ে বিপর্যয় কাটিয়ে আড়াইশর কাছাকাছি সংগ্রহ পায় ইংলিশরা। জবাব দিতে নেমে ১ উইকেটে ১১৯ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে স্বাগতিকরা।

 

জশস্বী জয়সাল ও অধিনায়ক রোহিত শর্মা নিয়ে ওপেনিং জুটিতে ৭৪ বলে ৮০ রান যোগ করেন। স্পিনার জ্যাক লিচের বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত (২৭ বলে ২৪)। এরপর শুভমান গিলকে নিয়ে দলকে টানেন জয়সাল। ৭০ বলে ৭৬ রান করেন জয়সাল, আর গিল ৪৩ বলে ১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।  

 

আজ শুরুটা ভালোই করে ইংল্যান্ড। ৮ ওভারশেষে তাদের সংগ্রহ ছিল ৪১/০। এরপর স্পিনের আক্রমণ শুরু হলো চিত্রটা পাল্টে যায়। ১২তম ওভারে বেন ডাকেটকে সাজঘরে ফেরান অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র অশ্বিন (৩/৬৮)। পরে রবীন্দ্র জাদেজা (৩/৮৮) ও অক্ষর প্যাটেল (২/৩৩) একের পর এক ইংলিশ ব্যাটারকে সাজঘরের পথ দেখান।

 

একটি পর্যায়ে ১৯৩ রানে ৮ উইকেট হারায় সফরকারী দলটি। তখন স্টোকসের লড়াকু ব্যাটিংয়ে দলটি দুশ পেরিয়ে আড়াইশর কাছাকাছি যেতে সমর্থ হয়। স্টোকস ৮৮ বলে ৭০ রান করে জশপ্রীত বুমরার বলে বোল্ড হন (২৪৬/১০)। বুমরা নেন দুটি উইকেট।

 

জনি বেয়ারস্টো ৩৭, বেন ডাকেট ৩৫, জো রুট ২৯ ও টম হার্টলি ২৩ রান করেন। 

 

এই সফরে পাঁচটি টেস্ট খেলবে ইংলিশরা। বাকি ম্যাচগুলো বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায়।