ঢাকায় একমাত্র টেস্টে আফগানিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ঈদুল আজহার বিরতির পর এবার দুই দল সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হচ্ছে। প্রথমেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ সামনে রেখে দুই দলই এখন বন্দরনগরী চট্টগ্রামে। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। ৮ ও ১১ জুলাই একই মাঠে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এরপর সিলেটে ১৪ ও ১৬ জুলাই দুটি টি২০ ম্যাচে লড়বে দুই দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এ সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলংকায় আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের আগে এটিই বাংলাদেশের শেষ দ্বিপক্ষীয় সিরিজ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ। এ দুই সিরিজে এমন দলকেই খেলাবেন হাথুরু, যেটি ভারতের মাঠেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।
এই লংকান কোচ বলেন, ‘আমরা কিছু ছেলেকে সুযোগ দেয়ার চেষ্টা করছি। এর মানে এমন নয় পরীক্ষা-নিরীক্ষা করছি। আমরা কোচিং গ্রুপ ও নির্বাচকরা জানি যে আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।"আমরা চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজুরি বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেয়ার গভীরতা যাতে আমাদের থাকে। এটি ভাবনায় রেখে আমরা কিছু ক্রিকেটারকে সুযোগ দেয়ার চেষ্টা করছি।’
গত মাসে কোমরের চোটে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে না পারা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে এখনো রাখা হয়েছে পর্যবেক্ষণে। তাকে নিয়ে হাথুরু বলেন, ‘আমি এখানে কারো মেডিকেল ইতিহাস নিয়ে আলোচনা করব না। তবে সে (তামিম) গত দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। আমরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনুশীলনের পর কেমন বোধ করে, তা দেখছি।’
শেষ পর্যন্ত তামিম যদি খেলতে না পারেন, তাহলে নতুন অধিনায়কও খুঁজে নিতে হবে বাংলাদেশকে। একমাত্র টেস্টে সাকিব আল হাসানের চোটে স্বাভাবিক প্রক্রিয়ায়ই এ দায়িত্ব পান সহ-অধিনায়ক লিটন দাস। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের নেই কোনো সহ-অধিনায়ক।
তবে দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাসম্পন্ন অনেকে থাকায় এটি তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ। তার কথায়, ‘আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু (তামিমের অনুপস্থিতি) হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’
টেস্টে রশিদ খান ছিলেন না। সাদা বলের ক্রিকেটে ফিরেছেন এই লেগ স্পিনার। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী তাই বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘সে (রশিদ) আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসেবে এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচটি খেলেনি। এখন ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।’










