ওয়েন রুনির ছেলে ১১ বছর বয়সী কাই বাবার পদাঙ্ক অনুসরণ করে নাম লেখাল ইংল্যান্ডের ঐতিহ্যবহুল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। বাবা রুনি ও মা কলিনকে পাশে রেখে বৃহস্পতিবার চুক্তিপত্রে সাক্ষর করে কাই। খবর বিবিসি।
ম্যানইউর কিংবদন্তি খেলোয়াড়দের অন্যতম ওয়েন রুনি
এভারটন দিয়ে ক্যারিয়ার শুরু করা রুনি ২০০৪ থেকে ২০১৭ পর্যন্ত খেলেছেন ম্যানইউর জার্সিতে। ২০১৭ সালে আবার ফিরে যান এভারটনে। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ডিসি ইউনাইটেড ঘুরে এখন খেলছেন চ্যাম্পিয়নশিপের দল ডার্বি কাউন্টিতে। ক্লাবটিতে তিনি খেলোয়াড় কাম কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
রুনির ক্যারিয়ার যখন গোধুলিলগ্নে তখন ফুটবল দুনিয়ায় যাত্রা হলো তার ছেলে কাইয়ের। ম্যানইউতে নাম লেখানো মানে উপরে ওঠার সিড়িটাও সে পেয়ে গেল। ম্যানইউর একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে বাবার মতো বড় ফুটবলার হওয়ার সুযোগ পাবে সে।
ম্যানইউ ও ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, গৌরবের দিন। ম্যানইউতে নাম লেখাল কাই। কঠোর পরিশ্রম করে যাও পুত্র।
‘১০’ নম্বর লেখা ম্যানইউর জার্সি হাতে ধরে রেখেছে কাই, ওল্ড ট্র্যাফোর্ডে খেলার সময় যে নম্বরের জার্সি পরতেন তার বাবা।
ম্যানইউর সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক রুনি। ৫৫৯ ম্যাচ খেলে তিনি করেছেন ২৫৩ গোল।










