অস্ট্রেলিয়ান ওপেনে আরেকটি তারকাপতন। আজ তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়ানতেককে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে বিদায় করেন চেক রিপাবলিকের ১৯ বছর বয়সী লিন্ডা নসকোভা। প্রথম সেট জয়ের পর সিয়ানতেকই ম্যাচের নিয়ন্ত্রণ করছিলেন। এরপর দারুণভাবে ম্যাচে ফেরেন নসকোভা। বিশ্বের ৫০ নম্বর র‍্যাংকধারী খেলোয়াড়টি রড লেভার অ্যারেনার দর্শকদের হতবিহ্বল করে দিয়ে ম্যাচটি জিতে নেন।

 

প্রথমবারের মতো গ্র্যান্ডস্লামের চতুর্থ রাউন্ডে উঠলেন নসকোভা। সিয়ানতেকের বিপক্ষে জয় শেষে তিনি বলেন, ‘আমি ভাষাহীন। জানতাম এটা দারুণ এক ম্যাচ হতে চলেছে, যদিও এটা যে এভাবে শেষ হবে তা কল্পনাও করিনি। এই রাউন্ডে জয়লাভ করে আমি সত্যিই অনেক অনেক আনন্দিত।’

 

এবারই প্রথম মেলবোর্নের মূল ড্রতে খেলার সুযোগ পান নসকোভা। গতবার কোয়ালিফাইং রাউন্ডে বিদায় নেন তিনি।

 

দ্বিতীয় রাউন্ডে তৃতীয় বাছাই এলিনা রিবাকিনা, পঞ্চম বাছাই জেসিকা পেগুলা ও ষষ্ঠ বাছাই ওন্স জাবেরের বিদায়ের পর এবার তাদের পদাঙ্ক অনুসরণ করেন ২২ বছর বয়সী সিয়ানতেক। শীর্ষ ১০ বাছাইয়ের মধ্যে এখন শুধু টিকে আছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা, ইউএস ওপেন চ্যাম্পিয়ন কোকো গাফ ও বারবোরা ক্রেসিকোভা।

 

এদিকে, ছেলেদের এককে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজ। শ্যাং জুনচেং চোটে পড়ায় ৬-১, ৬-১, ১-০ গেমে এগিয়ে থেকে জয়লাভ করেন আলকারাজ।

 

ট্যুর লেভেলে এই প্রথম নিজের চেয়ে কম বয়সী খেলোয়াড়ের মুখোমুখি হলেন ২০ বছর বয়সী আলকারাজ।