অ্যাডিলেডে আজ প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। কাগজে-কলমে এই ম্যাচটিতে শক্তির বিস্তর ফারাক। অস্ট্রেলিয়া এ মুহূর্তে শক্তিশালী দল, আর সফলও। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেকের অপেক্ষায় অন্তত তিনজন, আর অতীতে এই দেশটিতে খেলার অভিজ্ঞতা আছে মাত্র পাঁচজনের। এই বাস্তবতায় প্রথম টেস্টে মুখোমুখি দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে।

 

অভিজ্ঞতার তুলনা করলে দেখা যায়, অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ মোট টেস্ট খেলেছে ৬৮৯টি, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের একাদশ খেলেছে মাত্র ২৩৫টি। এর মধ্যে আবার ক্রেগ ব্র্যাথওয়েট আর কেমার রোচ দুজন মিলেই খেলেছেন ১৬৬টি।

 

ডেভিড ওয়ার্নারের অবসরের পর নতুন যুগ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়। তার জায়গায় ওপেন করবেন স্টিভেন স্মিথ। যদিও কখনো প্রথম শ্রেণীর ক্রিকেটে ওপেন করেননি তিনি। এ নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করলেও কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ওপেন করতে নামা নিশ্চিতই। তিনি সফল হলে হয়তো এ নিয়ে কোনো কথা উঠবে না।

 

অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড আর একটি উইকেট পেলেই আড়াইশর মাইলফলকে পৌঁছবেন, আর সাড়ে তিনশর মাইলফলকে যেতে মিচেল স্টার্কের প্রয়োজন পাঁচ উইকেট। অজি ব্যাটার মার্নুস লাবুশেন আর চারটি রান করলেই ৪ হাজারি ক্লাবে ঢুকবেন। তিন হাজার করতে ট্রাভিস হেডের চাই ১৫ রান।

 

সদ্যই পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারানো অজিরা দারুণ আত্মবিশ্বাসী। এছাড়া প্যাট কামিন্সের দল গত বছর নভেম্বর মাসে ভারতকে হারিয়ে ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয় করে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালের জুলাইয়ের পর প্রথম টেস্ট খেলবে। সর্বশেষ পাঁচ টেস্টের মধ্যে তিনটিতেই হেরেছে তারা।