চেন্নাইয়ে
আজ বিশ্বকাপ ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অলআউট
করার কৃতিত্ব দেখাল স্বাগতিক ভারত।
তিন স্পিনার নিয়ে এদিন একাদশ সাজায় স্বাগতিকরা। অভিজ্ঞ ডানহাতি অফস্পিনার রবিচন্দ্র অশ্বিন (১/৩৪), বামহাতি অর্থোডক্স স্পিনার রবীন্দ্র জাদেজার (৩/২৮) সঙ্গে ছিলেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব (২/৪২)। এই ত্রয়ীর স্পিন-গরলে নীল হলো পীতবর্ণের জার্সিধারীরা। ঘূর্ণি বলের সামনে রীতিমতো অসহায় ছিল অজিরা। পেস তারকা জশপ্রীত বুমরাহও অবিশ্বাস্য বোলিং করে মাত্র ৩৫ রানের খরচায় দুটি উইকেট তুলে নেন।
অজিদের হয়ে স্টিভেন স্মিথ সর্বোচ্চ ৪৬ রান করেন ৭১ বলের মোকাবেলায়। ডেভিড ওয়ার্নার ৫২ বলে করেন ৪১ রান। এছাড়া মিচেল স্টার্ক ২৮ ও মার্নুস লাবুশেন ২৭ রান করেন। দলীয় ৫ রানের সময় বুমরাহর বলে স্লিপে ক্যাচ তুলে নেন মিচেল মার্শ। এরপর দ্বিতীয় উইকেটে ওয়ার্নার ও স্মিথ ৮৫ বলে ৬৯ রান যোগ স্থিতি আনেন। তাদের বিদায়ে ফের বিপর্যস্ত অজিরা। কুলদীপের বলে রিটার্ন ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার (৭৪/২)। দলীয় ১১০ রানের সময় স্মিথ বোল্ড হয়ে যান জাদেজার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে।
এরপর আসা-যাওয়ায় ব্যস্ত ছিল অজিরা। শেষ দিকে মিচেল স্টার্কের দৃঢ়তায় সংগ্রহটা দুশ ছুঁই ছুঁই হয়েছে পাঁচবারের বিশ্বজয়ীদের।
এদিন ৪১ রান করে দারুণ এক মাইলফলক গড়েন ওয়ার্নার। ২২তম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে তিনি ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক। যদিও মাত্র ১৯ ইনিংসে তিনি দ্রুততম হাজার রান করে রেকর্ড গড়েন। এই ম্যাচে মাঠে নামার আগে তার নামের পাশে ছিল ৯৯২ রান। এখন এক হাজার ৩৩।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২৭৮ রান রান সংগ্রাহক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দখলে ছিল এই রেকর্ড। তারা দুজনই ঠিক ২০ ইনিংসে ১ হাজার রান করেছিলেন। এবার তাদের দুজনের রেকর্ডটা নিজের করে নিলেন ওয়ার্নার।
আবার বিশ্বকাপে চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে হাজার রানের মাইলফলকে পৌঁছলেন ওয়ার্নার। তার আগে মার্ক ওয়াহ, রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট করেন হাজার রান।
ওয়ার্নারের রেকর্ড ভাঙার খুব কাছে রোহিত শর্মা। বিশ্ব আসরে স্রেফ ১৭ ইনিংসে ৯৭৮ রান করেছেন ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ২২ রান করলেই দ্রুততম হাজার রানের মালিক হবেন তিনি।










