৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসর থেকে ১ লাখ ৮৫ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নির্বাচিত হওয়ার পরদিনই তিনি নেমে পড়লেন ব্যাট হাতে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাকিব।

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএল। আসরটি শুরু হতে খুব বেশি সময় নেই। তাই নির্বাচনে জয়লাভের পর রোববার রাতেই ঢাকার উদ্দেশে রওনা হন সাকিব। আজ সোমবার তিনি নেমে পড়েন অনুশীলনে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে বিকালে নেটে অনুশীলন করেন এই ক্রিকেট তারকা।

সাকিবের মেন্টর ও কোচ নাজমুল আবেদিন ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার, চিকিৎসক মঞ্জুর হোসাইন, বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ সময় উপস্থিত ছিলেন।

গত বছর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালে হাতের আঙুলে চোট পান সাকিব। সেই চোট নিয়ে তিনি আসর শেষ না করেই দেশে ফেরেন। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে তিনি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে পারেননি সাকিব। এবার বিপিএল দিয়েই সাকিব ক্রিকেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। জানা গেছে, আগামী শুক্রবার থেকে বসুন্ধরায় রংপুর রাইডার্সের নিজস্ব অনুশীলন মাঠে অনুশীলন করবেন সাকিব।

গত বছর ৪ জুলাই দুই বছরের জন্য সাকিবকে দলভুক্ত করার ঘোষণা দেয় রংপুর রাইডার্স। ফরচুন বরিশাল ছেড়ে দুই বছরের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্সে যোগ দেন এই অলরাউন্ডার। গুঞ্জন রয়েছে, তিন কোটি টাকায় তাকে দলে নেয় রংপুর।

এরপর গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে স্কোয়াড গুছিয়ে নেয় বিপিএলের দলগুলো। ১৯ জানুয়ারি শুরু হবে মাঠের লড়াই।

নড়াইল থেকে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত মাশরাফি বিন মর্তুজা বিপিএলে খেলবেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। অংশ নেবে মোট সাতটি দল।