তাদের মধ্যে সাতজনই ক্যাটাগরি-১ বা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। এছাড়া সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গড়া ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন একজন।

ঢাকা বিভাগ থেকে (পরিচালক পদসংখ্যা-২) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ; সিলেট বিভাগে (পরিচালক পদসংখ্যা-১) সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী; চট্টগ্রাম বিভাগে (পরিচালক পদসংখ্যা-২) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী; রাজশাহী বিভাগে (পরিচালক পদসংখ্যা-১) বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগে (পরিচালক পদসংখ্যা-১) ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হওয়ায় পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। চট্টগ্রামের এ সংগঠক প্রথমবার বিসিবি পরিচালক হয়েছিলেন ২০০৫ সালে। নাজমুল হাসান (পাপন) প্রথম দফায় সভাপতি থাকার সময়ও পরিচালক ছিলেন তিনি।

বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা গতকাল দুপুরে প্রকাশ করা হয়। ক্যাটাগরি-১ থেকে ভোটের লড়াই হবে কেবল দুটি বিভাগে। আগে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন চারজন। গতকাল আরো চারজনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

৭ জুন বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ। ভোটের মূল লড়াই হবে ক্লাব ক্যাটাগরিতে (ক্যাটাগরি-২), যেখানে ১২টি পরিচালক পদে লড়বেন ১৬ জন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল লড়বেন এ ক্লাব ক্যাটাগরিতেই। তিনি ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর।

গতকাল প্রার্থিতা প্রত্যাহারের দিনে চট্টগ্রাম বিভাগের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু)। এ বিভাগ থেকে তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যান চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিল, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী।

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ১০টি, ক্যাটাগরি-২ থেকে ১২টি ও ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদ রয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সরাসরি মনোনয়নে পরিচালক হয়ে থাকেন দুজন। ক্যাটাগরি-১-এ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ থেকে পরিচালক পদ দুটি করে এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগ থেকে একটি করে। সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়ে যাওয়ায় ভোট হবে শুধু দুটি বিভাগে।

খুলনা বিভাগে দুটি পরিচালক পদের লড়াইয়ে থাকছেন তিনজন—খুলনা জেলা ক্রীড়া সংস্থার মো. শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুছ সালাম। বরিশাল বিভাগে একটি পদের লড়াইয়ে আছেন দুজন—বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী।

ক্যাটাগরি-২-এ ১২টি পদের বিপরীতে লড়বেন ১৬ জন। এরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল খান, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মো. রফিকুল ইসলাম বাবু, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, মো. শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, সাকিফ আহমেদ সালাম ও মেজর (অব.) ইমরোজ আহমেদ।