ইংলিশ ক্লাব বার্মিংহাম
সিটির হেড কোচ নিয়োগ পাওয়ার মাত্র ৮৩ দিনের মাথায় বরখাস্ত হলেন ইংলিশ গ্রেট ওয়েন
রুনি। এই সময় তার অধীনে ১৫ ম্যাচ খেলেছে চ্যাম্পিয়নশিপের ক্লাবটি।
গত ১১ অক্টোবর ব্লুজরা
টেবিলের ষষ্ঠ স্থানে থাকায় বিতর্কিত এক সিদ্ধান্তে কোচ জন ইউস্টেসকে ছাঁটাই করে
রুনিকে নিয়োগ দেয়। সেই থেকে হারতে হারতে দলটি এখন টেবিলের ২০তম স্থানে নেমে গেছে।
সর্বশেষ সোমবার রাতে তারা ৩-০ গোলে হেরেছে লিডসের কাছে। রুনির সময় এটা ১৫ ম্যাচে
বার্মিংহামের নবম হার।
ক্লাবটি এক
বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা যেমনটি আশা করেছিলাম
তেমনটি হয়নি ওয়েন রুনির সঙ্গে আমাদের যাত্রাটা।’
ছাঁটাইয়ের শিকার
হওয়ার পর রুনি বলেন, ‘ফুটবলটাই হলো ফল-ভিত্তিক বাণিজ্য। আমি স্বীকার করে নিচ্ছি যে,
তারা যেমনটি প্রত্যাশা করেছিল আমি সেই জায়গায় দলটিকে নিয়ে যেতে পারিনি।’
৩৮ বছর বয়সী রুনি বলেন,
‘বার্মিংহাম সিটিতে কাজ করার পরিবেশ তৈরি করায় সহ-স্বত্বাধিকারী টম ওয়াগনার ও টম
ব্র্যাডি এবং প্রধান নির্বাহী গ্যারি কুককে ধন্যবাদ জানাই। এছাড়া যারা সংক্ষিপ্ত এই
সময়ে ক্লাবটিতে কাজ করার সময় আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ
দিতে চাই।’
তিনি যোগ করেন,
‘যাই হোক, একজন ম্যানেজারের জন্য সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান প্রয়োজনীয় জিনিস, আমি
মনে করি একটি দলে প্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসার জন্য ১৩ সপ্তাহ যথেষ্ট নয়।’
ইংল্যান্ড জাতীয়
দল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কৃতী স্ট্রাইকার ও অধিনায়ক আরো বলেন, ‘খেলোয়াড়
কিংবা কোচ হিসেবে পেশাদার ফুটবলের সঙ্গে সম্পৃক্ত আছি ১৬ বছর বয়স থেকে। তাই এখন
আমি পরিবারকে সময় দিতে কিছুদিন ছুটি নেব, যাতে কোচ হিসেবে পরের যাত্রার জন্য তৈরি
হতে পারি।’
২০২০ সালে ডার্বি
কাউন্টি দিয়ে কোচ হিসেবে অভিষেক ঘটে রুনির। এরপর এক বছর তিনি যুক্তরাষ্ট্রের মেজর
লিগ সকারের কোচ হিসেবে কাজ করেন।
জানা গেছে,
প্রফেশনাল ডেভেলপমেন্ট কোচ স্টিভ স্পুনার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন
করবেন।










