সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি ‘বর্ষসেরা ক্রীড়াবিদ’ হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতী ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা। ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় সম্প্রতি মিয়ানমারের মাঠে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বেও ছিলেন উজ্জ্বল। জাদুকরী পারফরম্যান্সে বাংলাদেশকে প্রথমবারের মতো তুলেছেন নারী এশিয়ান কাপের মূল পর্বে। যোগ্য খেলোয়াড়টির হাতেই এবার উঠল ‘সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার’-এর বর্ষসেরার পুরস্কারটি।
ভুটানে লিগ খেলছিলেন ঋতুপর্ণা। পুরস্কারটি নিতেই তিনি দেশে এসেছেন। গতকাল ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানে পুরস্কার হাতে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাঙ্গামাটির এ কৃতী সন্তান বলেছেন, ‘বাংলাদেশকে আমরা শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চেও নিয়ে যেতে চাই।’ তিনি এ পুরস্কার নেন কিংবদন্তি দাবাড়ু রানী হামিদের হাত থেকে। এছাড়া পাঠকের ভোটেও ঋতুপর্ণা বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন। পরের পুরস্কারটি তিনি নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের হাত থেকে।
বর্ষসেরা হওয়ার রেসে ঋতুপর্ণা হারিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে। মিরাজ প্রথম রানারআপ ও তাসকিন দ্বিতীয় রানারআপ হয়েছেন।
সবাই তার বাম পায়ের জাদুতে বিমোহিত। এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘জাদু বলতে কিছু নেই। এটা হলো কঠোর পরিশ্রম।’
বর্ষসেরা হিসেবে ২ লাখ ও পাঠকের ভোটে সেরা ক্রীড়াবিদ হিসেবে ১ লাখ টাকা প্রাইজমানি পেয়েছেন ঋতুপর্ণা চাকমা।
এছাড়া ঋতুপর্ণার সতীর্থ তহুরা খাতুন হয়েছেন এবারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন মেয়েদের ফুটবলে ‘বাংলাদেশের মেসি’ খ্যাত তহুরা। এছাড়া বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেন দাবাড়ু মনন রেজা।
‘সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪’-এর আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন দেশের কিংবদন্তি স্প্রিন্টার মোশারফ হোসেন শামীম। মঞ্চে তাকে উত্তরীয় পরিয়ে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন তুমুল জনপ্রিয় ঋতুপর্ণা চাকমা। দুটি বড় আসরে আলো ছড়ানো এ খেলোয়াড়কে পুরস্কার গ্রহণের পর সঞ্চালক বললেন, ‘কান পাতলেই বাংলার আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হয় ঋতুপর্ণা চাকমা। পুরস্কারটি পেয়ে কেমন লাগছে?’ এর জবাবে লাস্যময়ী ঋতুপর্ণা বললেন, ‘সবাইকে ধন্যবাদ। পরিবার থেকে টিমমেটদেরও ধন্যবাদ। এটা আমার জন্য বড় অর্জন।’










