২০১৭ সালের পর জার্মানির হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম গোল করলেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার টমাস মুলার। 

এছাড়া গোল পেয়েছেন সের্জে নাবরি। শুক্রবার রাতে এ দুজনের নৈপুণ্যে পেছন থেকে উঠে এসে রোমানিয়াকে ২-১ গোলে হারাল জার্মানি। এই জয়ে জার্মানদের ২০২২ বিশ্বকাপের টিকিট প্রায় চূড়ান্ত হয়ে গেল।

রেঞ্জার্সের খেলোয়াড় ইয়ানিস হাগির গোলে নবম মিনিটেই লিড নেয় রোমানিয়া। নাবরি ৫২ মিনিটে সমতা আনেন। বদলি হিসেবে নামা মুলার ৮১ মিনিটে জার্মানির জয়সূচক গোল করেন। 

আগামী সোমবার নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে জার্মানি, যদি সেদিন রোমানিয়ার বিপক্ষে জিততে ব্যর্থ হয় আর্মেনিয়া। ‘জে’ গ্রুপ লিডাররা ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এবং দ্বিতীয় স্থানধারী নর্থ মেসিডোনিয়ার চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে। 

মেসিডোনিয়া শুক্রবার ৪-০ গোলে হারায় লিচেনস্টেইনকে। এদিন আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্মেনিয়া ১২ পয়েন্ট নিয়ে তিনে ও রোমানিয়া ১০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। 

ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থাকার পরও জিততে সমর্থ হলো জার্মানি। এর আগে একমাত্র নজির ১৯৩৭ সালে, সেবার এস্তোনিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নিয়েছিল জার্মানরা।

বিশ্বকাপের আগে স্বরূপে ফিরলেন ২০১০ বিশ্বকাপ হিরো মুলার। এর আগে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ২০১৭ সালের মার্চে আজারবাইজানের বিপক্ষে গোল করেছিলেন তিনি। জোয়াকিম লুভের সময় প্রায় দুই বছর জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। নতুন কোচ হ্যানসি ফ্লিক জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর ডাক পান বায়ার্ন মিউনিখ গ্রেট। ২০২০ ইউরো শেষে ফ্লিক দায়িত্ব নেয়ার পর চার ম্যাচ খেলে সবগুলোতেই জিতল জার্মানি।     

এদিকে শুক্রবার ‘জি’ গ্রুপ ম্যাচে লাটভিয়াকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। মেম্ফিস ডিপের কর্নার থেকে ভলিতে গোলটি করেন ডেভি ক্লাসেন। ডাচরা নরওয়ের চেয়ে দুই পয়েন্টে ও তুরস্কের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে। শুক্রবার ইস্তাম্বুলে ১-১ গোলে ড্র করে ওই দুটি দল।