সদ্যই অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের যন্ত্রণা ভুলে যাওয়ার উপলক্ষ্য পাচ্ছেন ভারতের সমর্থকরা। টি২০ সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। আজ কেরালার থিরুভানান্তাপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অজিদের ৪৪ রানে হারায় সূর্যকুমার যাদবের দল।

আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২৩৫ রান তোলে ভারত। রুতুরাজ গায়কোয়াড় ৪৩ বলে ৫৮, জশস্বী জয়সওয়াল ২৫ বলে ৫৩ ও ইশান কিশান ৩২ বলে ৫২ রান করেন। জবাব দিতে নেমে অজিরা ৯ উইকেটে ১৯১ রান তুলতে সমর্থ হয়। মার্কাস স্টয়নিস ৪৫, ম্যাথু ওয়েড ৪২ ও টিম ডেভিড ৩৭ রান করেন। ভারতের প্রসিদ্ধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই তিনটি করে উইকেট নেন।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল ভারত।