আফ্রিকান দেশের বিরুদ্ধে জয় অব্যাহত লাতিন ফুটবলের দুই বড় দলের। একদিন আগেই অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এবার তাদের প্রতিবেশী দেশ ব্রাজিলও একই ব্যবধানে হারাল সেনেগালকে।
শনিবার (১৫ নভেম্বর) আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের দাপুটে পারফরম্যান্সেই জয় নিশ্চিত হয়ে যায় সেলেসাওদের। তরুণ এস্তেভাও ও অভিজ্ঞ ক্যাসেমিরো গোল দুটি করেন ব্রাজিলের হয়ে। তাতে প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে ব্রাজিল।
ম্যাচের প্রথম থেকে আক্রমণের পর আক্রমণ করে দিশেহারা করে তোলে সেনেগালকে। এস্তেভাও, ম্যাথিউস কুনহা, রদ্রিগো এবং ভিনিসিয়ুস জুনিয়রের দাপটে সুবিধা করতে পারছিল না সেনেগাল।
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফরোয়ার্ড কুনহার হেড বার কাঁপানোর পর ব্রাজিল লিড পায় ২৮ মিনিটে। কাসেমিরোর পাস নিয়াখাতের গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং বক্সের ডান পাশে থাকা এস্তেভাওয়ের সামনে এসে পড়ে। বাম পায়ের জোরালো শটে জাল কাঁপান তিনি। ১৮ বছর বয়সী এ ফুটবলারের এটি চতুর্থ গোল গত ১০ ম্যাচে। এমন পারফরম্যান্সে তিনি বার্তা দিচ্ছেন আগামী বিশ্বকাপে তাকে নজরে রাখতে হবে।
প্রথমার্ধেই সেলেসাওরা ব্যবধান দ্বিগুণ করেন। ৩৩ মিনিটে সেই দায়িত্ব নেন অধিনায়ক ক্যাসেমিরো। ৩৫ মিনিটে ফ্রি কিক পেয়ে যায় ব্রাজিল। শট নেন রদ্রিগো। ডি বক্সের ভেতর ফাঁকায় দাঁড়িয়ে থাকা ক্যাসেমিরো বল নিয়ন্ত্রণে নিয়ে দেরি করেননি প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়ে ব্যবধান বাড়িয়ে নিতে। প্রথমার্ধের এ দুই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। দ্বিতীয়ার্ধে একাধিকবার চেষ্টা চালালেও আর গোল করতে সক্ষম হয়নি দলটি।
বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেওয়ার পর জাপানের কাছে হেরে গিয়েছিল ৩-২ গোলে। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সাত ম্যাচে চতুর্থ জয় পেলেন। আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।










