হারারেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে বাংলাদেশকে ১৯৪ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। আজ হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৯৩ রানের সৌধ গড়ে স্বাগতিকরা। জবাব দিতে নেমে এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ২.২ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে। ৩ রানে বিদায় নেন মোহাম্মদ নাইম শেখ। 

আগের ম্যাচের সেরা খেলোয়াড় ওয়েসলে মাধেভেরে আজও দুর্দান্ত ব্যাটিং করে তুলে নেন হাফ সেঞ্চুরি। ৩৬ বলে ৬ বাউন্ডারিতে করেন ৫৪ রান। তবে সবচেয়ে বিস্ফোরক ইনিংসটি খেলেন রেগিস চাকাভা। তিনি ২২ বলে ৬ ছক্কায় ৪৮ রান করেন। 

এছাড়া রায়ান বার্ল ১৫ বলে ৩১ ও তাদিওয়ানাশে মারুমানি ২০ বলে ২৭ রান করে দলকে বিশাল সংগ্রহ এনে দেন। বাংলাদেশে পক্ষে ১৯ রানে দুটি উইকেট নেন সৌম্য সরকার। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।