অস্ট্রেলিয়ান ওপেনে শুক্রবার নোভাক জোকোভিচ, আরিনা সাবালেঙ্কা, কোকো গাফের মতো শীর্ষ তারকারা জয় পেয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন। তবে এদিন সবটুকু আলোই যেন কাড়লেন স্বর্ণকেশী রুশ কিশোরী মিরা আন্দ্রিভা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফ্রান্সের ডিয়ানে প্যারিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে রীতিমতো রূপকথাই লিখলেন ১৬ বছর বয়সী এ রুশ খেলোয়াড়। তিনি জিতেছেন ১-৬, ৬-১, ৭-৬ (১০-৫) গেমে। 

অথচ দুই সেট শেষে ১-১-এ সমতার পর তৃতীয় সেটে তিনি ১-৫ গেমে পিছিয়ে পড়েন। তখন কে ভেবেছিল, আন্দ্রিভাই জিতবেন? কিন্তু শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করলেন এই কিশোরী। তৃতীয় ও মীমাংসার সেটটিতে তিনি ম্যাচ পয়েন্টও বাঁচিয়েছেন। পরে ধীরে ধীরে ফিরে এসে শেষ পর্যন্ত টাইব্রেকে ১০-৫ পয়েন্টের জয় তুলে নেন। আন্দ্রিভা টানা পাঁচটি গেম জিতে ম্যাচ পয়েন্টের জন্য সার্ভ করছিলেন। তখন আবার নাটকীয়তা। প্যারি ব্যাক-টু-ব্যাক পয়েন্ট জিতলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। যদিও আন্দ্রিভাই হেসেছেন শেষ হাসি। 

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার অংশ নিয়েই চতুর্থ রাউন্ডে ওঠার কৃতিত্ব দেখালেন আন্দ্রিভা। যদিও গ্র্যান্ড স্লামে এটাই তার সবচেয়ে বড় সাফল্য নয়। গত বছর উইম্বলডনেও চতুর্থ রাউন্ডে খেলেছেন তিনি!

আদ্রিভার চমক অব্যাহত থাকবে কি? আজ চতুর্থ রাউন্ডে তিনি মুখোমুখি হবেন চেক রিপাবলিকের ২৮ বছর বয়সী খেলোয়াড় বারবোরা ক্রেসিকোভার। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো উঠে যাবেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে, সেই সঙ্গে প্রথম কোনো গ্র্যান্ড স্লামেরও কোয়ার্টার ফাইনাল হবে তার।

বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা আজ চতুর্থ রাউন্ডে লড়বেন যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভার বিপক্ষে। তিনিও অপ্রতিরোধ্য। শুক্রবার ইউক্রেনের লেসিয়া সুরেঙ্গোর বিপক্ষে ৬-০, ৬-০ গেমের দাপুটে জয়ে তিনি চতুর্থ রাউন্ডে নাম লেখান। মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র ছয়টি গেম হেরেছেন বেলারুশিয়ান খেলোয়াড় সাবালেঙ্কা।

ইউএস ওপেন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কোকা গাফ আজ চতুর্থ রাউন্ডে খেলবেন মাগদালেনা ফ্রেচের বিপক্ষে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যালিসিয়া পার্কসকে ৬-০, ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে ওঠেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে নিজের শততম ম্যাচে দাপটের সঙ্গে জয় পান এ আসরে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শুক্রবার আর্জেন্টিনার টমাস মার্টিন এচেভেরিকে ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-২) গেমে হারান শীর্ষ বাছাই খেলোয়াড়। ৩৬ বছর বয়সী জোকোভিচ আজ খেলবেন ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোর বিপক্ষে।