হ্যামিল্টনে প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৩৪ রানের বড় ব্যবধানে হারাল নিউজিল্যান্ড। আজ চতুর্থ দিন ক্যারিবীয়রা দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে গেলে কিউইদের বড় জয় নিশ্চিত হয়।
কেন উইলিয়ামসনের আড়াইশোর্ধ্ব (২৫১) রানের ইনিংসে ভর দিয়ে ৫১৯ রানের সৌধ গড়ে নিউজিল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে কিউইদের এই রান টপকাতে পারেনি জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। অতিথিরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে; টিম সাউদি চারটি এবং কাইল জেমিসন ও নিল ওয়াগনার দুটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে জার্মেইন ব্ল্যাকউডের সেঞ্চুরির (১০৪) পরও ওয়েস্ট ইন্ডিজ ২৪৭ রানের বেশি তুলতে পারেনি। ৬ উইকেটে ১৯৬ রান নিয়ে আজ রোববার চতুর্থ দিন মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তি বলতে ব্ল্যাকউডের সেঞ্চুরিটাই। বাকি ৪ উইকেট হারিয়ে তারা বোর্ডে ৫১ রান যোগ করতে সমর্থ হয়। ওয়াগনার চারটি ও জেমিসন দুটি উইকেট নেন। ম্যাচসেরা কিউই দলনায়ক কেন উইলিয়ামসন।
১১ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ক্রিকইনফো










