শ্রীলংকার কলম্বোয় আজ মঙ্গলবার এসিসি ইমার্জিং কাপে আফগানিস্তান ‘‌এ’ দলকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘‌এ’ দল।

 

আগে ব্যাটিং করে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩০৮ রান তোলে বাংলাদেশ। এছাড়া জাকির হাসান ৭২ বলে ৬২, সৌম্য সরকার ৪২ বলে ৪৮ ও মেহেদী হাসান ১৯ বলে ৩৬ রান করে দলকে তিনশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। মোহাম্মদ সেলিম আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ৬৫ রান খরচ করে।

 

বিশাল রান তাড়া করতে নেমে আফগানরা ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৮৭ রান তুলতে সমর্থ হয়। রিয়াজ হাসান ১০৫ বলে ৭৮, বাহির শাহ ৫০ বলে ৫৩, অধিনায়ক শহিদউল্লাহ ৪৭ বলে ৪৪ ও নূর আলী জাদরান ৫৭ বলে ৪৪ রান করে দলকে জয়ের রেস রাখলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। বাংলাদেশের তানজিব হাসান সাকিব সর্বোচ্চ ৩টি এবং রাকিবুল হাসান ও সৌম্য সরকার ২টি করে উইকেট নেন।

 

সেঞ্চুরির পাশাপাশি দুটি ম্যাচও নেন মাহমুদুল। এই পারফরম্যান্স তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার।

 

আজকের এই জয়ের পর ‘‌এ’ গ্রুপে ৩ ম্যাচে ২ জয় পাওয়া বাংলাদেশ টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। আফগানিস্তান সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও শ্রীলংকা ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছিল। দুই ম্যাচ শেষে ওমানের পয়েন্ট শূন্য। আজ আরেক ম্যাচে ওমানের মুখোমুখি হয় শ্রীলংকা।

 

‘‌বি’ গ্রুপেও সমান চারটি দল অংশ নিচ্ছে। এই গ্রুপে টেবিলের এক ও দুইয়ে যথাক্রমে ভারত ও পাকিস্তান। এরপর নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।

 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচটি পূর্ণ সদস্য দেশের ‘‌এ’ দল এবং এসিসি মেনস প্রিমিয়ার কাপের শীর্ষ তিনটি দল ইমার্জিং কাপে অংশ নেয়। আরব আমিরাত ও ওমানের ‘‌এ’ দল খেললেও নেপালের জাতীয় দল খেলছে আসরটিতে।