২০১৯ সাল। ঐতিহ্যবহুল ক্রিকেট গ্রাউন্ড লর্ডসে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের বীরত্ব দেখেছে বিশ্ব। নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৪১ রান তুলতে সমর্থ হলো। এরপর রান তাড়া করতে নেমে স্টোকসের ৮৪ রানের হার না মানা ইনিংসে চড়ে ম্যাচ ‘টাই’ করে স্বাগতিক ইংল্যান্ড। এরপর সুপার ওভারেও টাই! আলাদা করা যাচ্ছিল না দুই দলকে। পরিশেষে বেশি বাউন্ডারি মারার নিয়মে জয়লাভ করে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ ট্রফি জিতে নেয় ইংলিশরা।

ওই বিশ্বকাপের সবচেয়ে বড় নায়ক হয়ে উঠলেন স্টোকস। ফাইনালে ৮৪ রান করার পর সুপার ওভারেও ব্যাট হাতে অবদান রাখেন তিনি। লড়াকু ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন স্টোকস।

বিশ্বকাপ ফাইনাল মানেই যেন স্টোকসের জ্বলে ওঠা। গত বছর অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি২০ বিশ্বকাপ ফাইনালেও তিনি নায়ক। পাকিস্তানের ছুড়ে দেয়া ১৩৮ রানের টার্গেট ছুঁতেই যেন অগ্নিপরীক্ষার মুখে পড়ে ইংলিশরা। তখনই ত্রাতা হয়ে এলেন স্টোকস। ৪৯ বলে ৫২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করান সব্যসাচী এই ক্রিকেটার।

কিন্তু গত বছর জুলাইয়ে তিনি সবাইকে অবাক করে দিয়ে জানান, আর ওয়ানডে ক্রিকেট খেলবেন না। ৫০ ওভারের সংস্করণ থেকে সরে দাঁড়ানোর সময় কারণ হিসেবে স্টোকস বলেছিলেন, একই সঙ্গে তিন সংস্করণে তার পক্ষে সামর্থ্যের শতভাগ দেয়া সম্ভব হচ্ছে না। তার বিশ্বাস, ইংল্যান্ডের জার্সি গায়ে শতভাগের চেয়ে একটুও কম দিলে চলবে না, তাই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

কিন্তু স্টোকসের মতো অমন রত্নকে আবারো দলে ফিরে পেতে চেয়েছিলেন ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট ও অধিনায়ক জস বাটলার। এ দুজন অনেক দিন ধরেই স্টোকসের মন পরিবর্তনের চেষ্টা করে আসছিলেন। অবশেষে তাদের সেই প্রচেষ্টা সফল হলো। তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে। তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুক্রবার বাটলার জানান, অ্যাশেজের পর পরই বিশ্বকাপে ফেরার সিদ্ধান্ত নেন স্টোকস। তার কথায়, ‘আমি তার ওপরই ছেড়ে দিয়েছিলাম, যেন সে ফিরতে চাইলে আমার কাছে আসে। তার মতো মানের যেকোনো খেলোয়াড় যেকোনো সময় ফিরে এলে তা অবিশ্বাস্যই। আমরা তাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। সে আমাদের দলে কী নিয়ে আসছে, তা সবারই জানা। আমি খুবই খুশি।’

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার দুই মাস পর গত বছর জুলাইয়ে ওয়ানডে থেকে সরে দাঁড়ান স্টোকস। এখন সিদ্ধান্ত পরিবর্তন করে দলে ফেরায় এ বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে তার খেলার জোর সম্ভাবনা তৈরি হলো। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগে রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। টি২০ সিরিজে অবশ্য নেই স্টোকস।

৩০ আগস্ট শুরু হবে টি২০ সিরিজ। এরপর ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে স্টোকসকে পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড দলের নির্বাচক লুক রাইট। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে ইংল্যান্ডের ওয়ানডে জার্সি গায়ে স্টোকসের ফিরতে দেখাটা সবাই উপভোগ করবে।’

তবে স্টোকস ওয়ানডে দলকে ঠিক কতটা দিতে পারবেন, তা নির্ভর করছে তার ফিটনেসের ওপর। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ও বিশ্বকাপে বল নাও করতে পারেন। বাঁ পায়ের চোটের কারণে জুলাইয়ে শেষ হওয়া অ্যাশেজে শেষ তিন টেস্টে বোলিং করতে পারেননি ইংলিশ দলনায়ক। এবার অ্যাশেজের ট্রফি নিয়ে গেছে অস্ট্রেলিয়া, আর শেষ দুই টেস্ট জিতে সিরিজটা ড্র করতে সমর্থ হয় ইংল্যান্ড।

স্টোকস সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর পরই তিনি ওয়ানডেকে ‘না’ বলে দেন। কিন্তু তাকে দেশের ডাকে আবার ফিরতে হলো। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কি ফিরে আসবে লর্ডস? আবার কি দেখা মিলবে স্টোকস বীরত্ব?