ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখাচ্ছেন সদ্য বার্সেলোনা ছেড়ে যাওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তার সঙ্গে ফরাসি ক্লাবটির দুই বছরের চুক্তি হচ্ছে, যা পরে আরও এক বছর বাড়ানোর অপশন থাকবে। স্বাস্থ্য পরীক্ষার পরই ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকার সঙ্গে পিএসজির চুক্তি স্বাক্ষর হবে। খবর বিবিসি। 

লা লিগার আর্থিক নীতির জটিলতার কারণে মেসিকে চুক্তিবদ্ধ করতে পারেনি বার্সা। এর ফলে ‘ফ্রি এজেন্ট’ হয়ে পড়েন মেসি। ফলে তাকে একদম ফ্রিতেই পেল প্যারিস সেন্ট জার্মেই! অথচ বার্সায় চুক্তিবদ্ধ থাকলে হয়তো নেইমারের মতোই কোনো রেকর্ডভাঙা ফি দিয়ে তাকে কিনতে হতো। বিনা পয়সায় মেসির মতো সুপারস্টারকে পেয়ে হয়তো দারুণ খুশিই হয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।

জানা গেছে, ফরাসি ক্লাবে খেলে বছরে ২৫ মিলিয়ন ইউরো মূল বেতন পাবেন মেসি। পাশাপাশি থাকছে নানা ধরণের বোনাস। সব মিলে, প্যারিস জায়ান্টদের জার্সিতে খেলে তিনি বছরে পাবেন ৩৫ মিলিয়ন ইউরোর মতো। 

গত বৃহস্পতিবার মেসির বার্সা ছাড়ার ঘোষণা আসার পর থেকেই খেলোয়াড়টিকে সই করাতে আগ্রহ প্রকাশ করে। ক্লাবটি কোনো মধ্যস্থতাকারীর সাহায্য না নিয়ে সরাসরি মেসি ও তার বাবা হোর্হের সঙ্গে কথা বলেছিল।