সেঞ্চুরিয়ন টেস্টে লোকেশ রাহুলের লড়াকু সেঞ্চুরিতে ভর করে সব উইকেট হারিয়ে ২৪৫ রান তুলতে সমর্থ হয় ভারত। জবাবে বিদায়ী সিরিজ খেলা ডিন এলগারের রাজসিক এক সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ বুধবার এ প্রতিবেদন লেখার সময়, দ্বিতীয় দিন স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৪১ রান। এলগার ১৩৪ ও অভিষিক্ত ডেভিড বেডিংহ্যাম ৫৫ রানে ব্যাট করছিলেন। ভারতের প্রথম ইনিংস থেকে ৪ রানে পিছিয়ে ছিল প্রোটিয়ারা।

এখন পর্যন্ত ২৯ ওভারে ১২৮ রানের জুটি গড়ে ভারতকে হতাশ করেন এলগার ও বেডিংহ্যাম জুটি।

দলীয় ১৩ রানে এইডেন মার্করামকে সাজঘরে ফেরান মোহাম্মদ সিরাজ। এরপর টনি ডি জরজিকে নিয়ে দলের সংগ্রহ ১০০ রান করান এলগার। জরজি ২৮ রান করে জশপ্রীত বুমরাহর শিকার হন। কিগান পিটারসেনকেও (২) দ্রুত ফেরান বুমরাহ। এরপর হাল ধরেন এলগার ও বেডিংহ্যাম।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন ৫৯ ওভারের খেলা হয়। ভারত ৮ উইকেটে ২০৮ রান তুলে মাঠ ছাড়ে। লোকেশ ৭০ ও সিরাজ শূন্য রান নিয়ে আজ সকালে ফের ব্যাটিংয়ে নামেন। সিরাজ (৫) ও প্রসিদ্ধ কৃষ্ণকে (০) নিয়ে লড়ে সেঞ্চুরি পূর্ণ করেন  লোকেশ। তার সঙ্গে ৪৭ রানের মূল্যবান জুটি গড়ে সাজঘরে ফেরেন সিরাজ। এরপর কৃষ্ণকে নিয়ে লড়তে থাকেন লোকেশ এবং এই পথে তিনি সেঞ্চুরি তুলে নেন। যদিও তিন অঙ্ক ছোঁয়ার পরপরই তিনি বার্জারের শিকারে পরিণত হন (১৩৭ বলে ১০১ রান)।   

কাগিসো রাবাদা ৫৯ রানে ৫টি ও নান্দ্রে বার্জার ৫০ রানে ৩টি উইকেট নেন।