বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে ঢাকায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। নীলফামারীতে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। সিলেটে শেখ রাসেল ক্রীড়াচক্র খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

ফেডারেশন কাপ শিরোপা দিয়ে মৌসুম শুরু করা বসুন্ধরা কিংসের লক্ষ্য ঘরোয়া সব আসরে চ্যাম্পিয়ন হওয়া। লিগ শুরুর আগে দলটির কোচ অস্কার ব্রুজোন সে কথাই বললেন, ‘ফেডারেশন কাপে দল চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ঘরোয়া সব আসরে চ্যাম্পিয়ন হতে চাই। এজন্য মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। আমরা দলটা সেভাবেই তৈরি করেছি।’

ফেডারেশন কাপের আগে লেবাননের ফরোয়ার্ড মোহাম্মদ জালালকে উড়িয়ে আনলেও লিগের জন্য তার ওপর আস্থা রাখেনি কিংস। বিকল্প হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার হারনান বার্কোসকে আনা হয়েছে। ৩৫ বছর বয়সী এ স্ট্রাইকারকে অবশ্য লিগের প্রথম পর্বে দর্শক হয়েই থাকতে হবে। মধ্যবর্তী দলবদলে নিবন্ধনের পর খেলতে পারবেন ‘জলদস্যু’ ডাকনামের ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এ ফুটবলার। তার আগে এএফসি কাপে হয়তো দেখা যাবে মেসির সাবেক এ সতীর্থকে।

বসুন্ধরার সামনে নিজেদের আন্ডারডগ ভাবলেও নীলফামারী থেকে পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্য উত্তর বারিধারা কোচ আলফাজ আহমেদের, ‘বসুন্ধরা কিংস বর্তমান চ্যাম্পিয়ন, ফেডারেশন কাপের শিরোপাও জিতেছে দলটি। তাদের বিশ্বমানের ফুটবলার রয়েছে। সময়ের সেরা দল এটি। বসুন্ধরার সামনে আমরা আন্ডারডগ। কিন্তু আমাদের লক্ষ্য ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট নেয়া। ভাগ্যের সহায়তা পেলে জিততেও পারি।’

ভিসা জটিলতার কারণে উত্তর বারিধারার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিমা এসে পৌঁছাননি। কিংসের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা উল্লেখ করে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘অন্যান্য বিদেশী ফুটবলার অবশ্য ম্যাচের জন্য প্রস্তুত। ল্যান্ডিং ডারবো হয়তো আক্রমণভাগের কেন্দ্রে খেলবে।’

লিগ শুরুর আগে শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘লিগ শিরোপা জিততে হলে কী করতে হবে, আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি। তার বাইরে এ লিগে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য নেই।’ অ্যাস্টন ভিলার সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রিস কার্ড এবার শেখ রাসেলের হয়ে খেলবেন। এ ডিফেন্ডার সম্পর্কে দলটির কোচ বলেছেন, ‘ক্রিস হার্ড কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। উদোকা এলিসন ইনজুরিতে থাকায় ক্রিস সেন্টারব্যাক হিসেবে খেলেছে। এলিসন ফিরলে তাকে হয়তো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানো যাবে।’

গত মৌসুমে শেখ রাসেলে খেলা ডিফেন্ডার ইয়াসিন খান ও বিশ্বনাথ ঘোষ চলে গেছেন বসুন্ধরা কিংসে। সেন্টারব্যাক ইয়াসিনের জায়গায় আসাদুজ্জামান বাবলু ও ফুলব্যাক বিশ্বনাথের জায়গায় হাবিবুর রহমান খেলবেন। দলটির আক্রমণভাগে রাফায়েল উদোভিনের সঙ্গী হবেন পেদ্রো হেনরিক। স্থানীয় ফুটবলার হিসেবে এ পজিশনে থাকছেন তকলিস আহমেদ।

প্রতিযোগিতামূলক ফুটবল ছাড়া লম্বা সময় ধরে নেয়া প্রস্তুতির কারণে বিরক্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক। সাবেক এ ফুটবলার আজকের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে রাখছেন, ‘বিদেশী ফুটবলারের কারণে আমাদের চেয়ে এগিয়ে থাকবে চট্টগ্রাম আবাহনী। আমাদের বর্তমান দলটা গত মৌসুমের তুলনায় ভালো। লিগের লম্বা পথে জয় দিয়ে যাত্রা করাটা গুরুত্বপূর্ণ।’ ফেডারেশন কাপের পর থেকে টানা অনুশীলনের মধ্যেই ছিল প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে দারুণ নৈপুণ্য দেখানো চট্টগ্রাম আবাহনীও লিগ সূচনায় জয় চায়। ক্লাবটির কোচিং স্টাফ ও সাবেক জাতীয় ফুটবলার আরমান আজিজ জানিয়েছেন, লিগ শুরুর আগে দলে কোনো ইনজুরি নেই। সবাই পুরোপুরি প্রস্তুত।