বহুল প্রতীক্ষিত ড্রামা সিরিজ ‘হাউজ অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় সিজন মুক্তি পাবে আগামী বছর। এইচবিওর সাম্প্রতিক তথ্য অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময় এটি মুক্তি পেতে যাচ্ছে। দ্বিতীয় পর্বে থাকবে আটটি এপিসোড। প্রথম সিজনে এপিসোডের সংখ্যা ছিল ১০। এইচবিওর প্রধান ক্যাসি ব্লইস গণমাধ্যমকে জানান, হাউজ অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজনের চিত্রধারণের কাজ শেষ হয়েছে। এখন এর পোস্ট-প্রডাকশনের কাজ চলছে।
সম্প্রতি আসন্ন প্রজেক্টগুলোর মুক্তির সম্ভাব্য সময় ঘোষণা করেছে এইচবিও। হাউজ অব দ্য ড্রাগন ছাড়াও সে তালিকায় ‘দ্য লাস্ট অব আস’, ‘দ্য হোয়াইট লোটাস’, ‘ইউফোরিয়া’সহ বেশকিছু প্রজেক্টের নাম আছে। ক্যাসি ব্লইস জানান, ‘ইউফোরিয়া সিজন থ্রি’ ও ‘দ্য হোয়াইট লোটাস সিজন থ্রি’ ২০২৫ সালে দর্শকরা উপভোগ করার সুযোগ পাবেন। স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট’ অবলম্বনে প্রিকুয়েল সিরিজ ‘ওয়েলকাম টু ডেরি’ও ২০২৫ সালেই মুক্তি পাবে। ক্যাসি ব্লইস আরো জানান, দ্য লাস্ট অব আসের দ্বিতীয় সিজনের কাজ আগামী বছরের এপ্রিল-মেতে শুরু হবে। এটিও ২০২৫ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
হলিউডের ধর্মঘটের কারণে এইচবিওর ড্রামা সিরিজগুলোয় মুক্তির সময়ে পরিবর্তন এসেছে। এ কারণে বড় প্রজেক্টগুলোর কাজ থমকে গিয়েছিল। তাই প্রজেক্টগুলোর মুক্তি পিছিয়ে গেছে।
হাউজ অব দ্য ড্রাগনের পাশাপাশি গেম অব থ্রোনসের আরেকটি প্রিকুয়েল সিরিজ নির্মাণ করছে এইচবিও। সিরিজটির নাম ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস: দ্য হেজ নাইট’। সিরিজটির নির্মাণকাজ আগামী এপ্রিল-মে মাসে শুরু হবে। ধর্মঘটের কারণে এখনো সিরিজটির অভিনেতাদের নাম ঘোষণা করতে পারেনি এইচবিও। তবে কয়েকজন অভিনেতার নাম প্রাথমিকভাবে নির্ধারণ করেছে এইচবিও। বর্তমানে এ স্টুডিও কেবল গেম অব থ্রোনসের প্রিকুয়েল নিয়েই কাজ করছে। গত বছর তারা আরো কিছু সিরিজের প্রিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছিল। সেগুলোর কাজ শুরু করার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক হোম বক্স অফিস। এইচবিও নামেই তা পরিচিত। এ প্রতিষ্ঠানের নির্মিত ড্রামা সিরিজগুলো সারা বিশ্বের ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সূত্র: ইয়ন










