দেশের মানুষের ঈদ বিনোদনের জনপ্রিয় মাধ্যম সিনেমা। ঈদের ছুটিতে প্রিয়জনদের নিয়ে সিনেমা দেখতে যান অনেকে। এক্ষেত্রে শহরের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে পৌঁছে গেছে আধুনিক মানের এ প্রেক্ষাগৃহ। দর্শক চাহিদা বিবেচনায় এর সম্প্রসারণ কাজ চলছে ধারাবাহিকভাবে। এবার ঢাকায় চালু হতে যাচ্ছে আরো একটি শাখা। এয়ারপোর্ট সংলগ্ন ‘সেন্টার পয়েন্ট শপিং মল’-এ নির্মাণ হয়েছে এ শাখা। দর্শকের জন্য ঈদ উপহার হিসেবে আগামী ঈদের দিন এটি চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ। ওই দিন থেকেই দর্শক এখানে সিনেমা দেখতে পারবেন। এয়ারপোর্টের আশপাশের এলাকা ও উত্তরার দর্শকের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে এ মাল্টিপ্লেক্স সিনেমা হল। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ জানান, ‘এ এলাকার দর্শকের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এটি। অনেক দর্শক আমাদের সরাসরি ও অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তরা এলাকায় একটি শাখা চালু করার জন্য। অবশেষে সে দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।’ চারটি হল থাকবে এ মাল্টিপ্লেক্সে। যার মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল ও দুটি প্রিমিয়াম হল রয়েছে। আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১। বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত।