পঙ্কজ ত্রিপাঠীকে বলিউড চেনে ‘সাদামাটা মানুষ’ হিসেবে। অভিনয় দিয়েই নিজেকে প্রতিষ্ঠা করেছেন। স্টাইল আইকন হতে চাননি। তার নিজস্ব আলাদা একটা স্টাইলই আছে। তবে এবার এক ভিন্ন লুকে দেখা গেল পঙ্কজ ত্রিপাঠীকে।
পঙ্কজ তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। এতে তাকে গাঢ় সবুজ মখমলের শেরোয়ানি স্টাইল জ্যাকেটে দেখা গেল। এ জ্যাকেটের ওপরে ছিল সোনালি এমব্রয়ডারি। তার নিচে পরেছিলেন সোনালি নকশা করা কালো শার্ট। মাথায় দেব আনন্দের মতো টুপি (ফ্ল্যাট ক্যাপ)।
কিন্তু এর চেয়েও যেটি নজর কেড়েছে পঙ্কজের ধুতি-স্টাইলের পাজামা। লাল এ পাজামার ওপরেও আছে নানা রকম ফ্লোরাল নকশা। পায়ে সোনালি লোফার।
পঙ্কজের এ ছবিগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে সাড়া পড়ে যায়। অনেকেই প্রথমে ধরে নিয়েছিলেন এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
এর মধ্যে রণবীর কাপুর পঙ্কজ ত্রিপাঠীর পোস্টে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আরে গুরুজি, এটা কী? আমি শুধরে গেলাম আর আপনি বিগড়ে গেলেন?’ মূলত রণবীরকেই এ ধরনের ফ্যাশনে দেখা যায়।
অন্যদিকে গুলশান দেবাইয়া লিখেছেন, ‘ওয়ে পাঙ্কি, পাঙ্কি ওয়ে স্যার স্যার স্যার স্যার।’
পঙ্কজ ত্রিপাঠী ছবি পোস্ট করে লিখেছেন, ‘এক ন্যায়ি শুরুয়াত’। কিন্তু কিসের সূচনা তা নিয়ে কোনো কথা এখনো বলেননি। কেউ কোনো ইঙ্গিতও দেননি এ নিয়ে।










