ধারাবাহিক নাটকের একটা বড় দর্শকশ্রেণী সবসময়ই থাকে। একক নাটক মিস হয়ে গেলে আবার হয়তো দেখা যায়, তবে ধারাবাহিক নাটক নিয়ম করে দেখার অন্য রকম একটা মজা আছে। সে কারণেই নিয়মিত নতুন ধারাবাহিক শুরু হয়। এবার দুই চ্যানেলে এল নতুন তিন ধারাবাহিক। এর মধ্যে দুটি বাংলাভিশনে ও একটি বিটিভিতে।
১৮ আগস্ট বিটিভিতে শুরু হয়েছে নাটক ‘ফেরারি সুখ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ফজলুল হক আকাশ। ইয়াসমিন আক্তারের প্রযোজনায় ধারাবাহিকটি প্রচার হবে সপ্তাহের প্রতি রোব, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায়। অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, এসএ হক অলিক, মাহমুদুল হক মিঠু, জয়রাজ, মিহি, মাসুম, সঞ্চিতা দত্ত, শারমিন, নীরব, সায়েম সামাদ, মোহাম্মদ রফিকসহ অনেকে।
মানুষের জীবনে কোনটির বেশি প্রয়োজন? সময়, অর্থ নাকি পরিবার? এর উত্তর খুঁজতে বের হয়ে আসে অনেক পারিবারিক কাহিনী। যখন সময় অর্থ উপার্জন করার তখন পরিবারের মানুষ বৈধ-অবৈধ নানাভাবে অর্থ উপার্জন করে। কিন্তু পরিবারকে সময় দেয় না। এ নিয়েই নাটকের গল্প।
এদিকে এলাকার বিভিন্ন মানুষের নানা পারিবারিক ঘটনা নিয়ে নাটক ‘ব্রোকেন ফ্যামিলি’। গতকাল থেকে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে। এতে অভিনয় করেছেন চাষী আলম, অনিক, ফারজানা আহসান মিহি, পাভেল, মোসাফির সাইদ বাচ্চু, সিয়াম নাসির, মাসুম বাশার, মনিরা মিঠু, রোমেল, আইরিন আফরোজ, সিমি স্নিগ্ধা, স্বর্ণলতা, রিফাত আলম, মিনাকসি, আনোয়ার, নয়ন, রকি খান, রিজভী, পারভেজ আলম, সেলজুক, শারমিন সুলতানা শমী, তাহমিনা ঐশিসহ অনেকে।
সংসার জীবনে ব্যর্থ আলাউল বকশিকে নিয়ে এ নাটকের গল্প শুরু। বিপত্নীক এ ব্যক্তি একটি মেস খোলে। তার মেস ও অন্যান্য নানা ঘটনা নিয়ে নাটকের গল্প।
একই চ্যানেলে আসছে আরেকটি নাটক ‘কমন প্রবলেম’। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর ও পরিচালনা করেছেন তপু খান। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সাইদুর রহমান পাভেল, শাহনাজ খুশী, নাইমা আলম মাহা, স্বর্ণলতা, শিবলী নোমান, মুকিত জাকারিয়া, সিয়াম মৃধা, সাদিয়া রুবায়েত, শ্রেয়শী শ্রেয়া, আফরিন, আরফান মৃধা শিবলুসহ অনেকে। নাটকটির গল্প রাজধানীর একটি অ্যাপার্টমেন্টকে কেন্দ্র করে। যেখানে একটি কমিটি করা হয়। এ কমিটি ও বাসিন্দাদের মধ্যে ঘটা নানা কমেডি নিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প। শিগগিরই এটি প্রচার হবে বাংলাভিশনের দর্শকের জন্য।










