নব্বইয়ের দশকে বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। এরপর থেকে ছোট পর্দায় নিয়মিত হয়ে ওঠেন এ অভিনেত্রী। সুইটি অভিনীত প্রথম সিনেমা ‘বাঁশি’। আবু সাইয়ীদের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এরপর বড় পর্দা থেকে দীর্ঘদিন বিরতি নেন। সম্প্রতি সুইটি নতুন দুটি সিনেমায় অভিনয় করেছেন। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত। একটি হলো জাফরুল শাহীন পরিচালিত ‘মাইক’ এবং নূরে আলম পরিচালিত ‘রাসেলের জন্য অপেক্ষা’। মাইক সিনেমাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে। অন্যদিকে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হয়েছে রাসেলের জন্য অপেক্ষা সিনেমাটি।
দুই সিনেমা মুক্তির অপেক্ষায় তানভীন সুইটি
নব্বইয়ের দশকে বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। এরপর থেকে ছোট পর্দায় নিয়মিত হয়ে ওঠেন এ অভিনেত্রী।
দুটি সিনেমায় অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘এটা আমার জন্য পরম ভালোলাগার যে মাইক ও রাসেলের জন্য অপেক্ষা সিনেমা দুটিতে আমি অভিনয় করেছি। দুটি সিনেমায়ই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। দুটি সিনেমার বিষয়বস্তু মূলত আমাকে আগ্রহী করে তুলেছে সিনেমাগুলোয় কাজ করতে। নির্মাতা জাফরুল শাহীন যেমন ভীষণ মনোযোগ দিয়ে মাইক সিনেমাটি নির্মাণ করেছেন। অন্যদিকে নূরে আলমেরও চেষ্টা ছিল ভীষণ আন্তরিক। সত্যি, আমি এখন এ সিনেমা দুটির মুক্তির অপেক্ষায় আছি। কারণ ইতিহাসনির্ভর এ সিনেমা দুটি দর্শকেরও দেখা উচিত। সিনেমাগুলো নির্মাণের নেপথ্যে যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
ওয়েব দুনিয়ায়ও কাজ করছেন সুইটি। অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সাম্প্রতিক সময়ে মঞ্চেও বেশ প্রশংসা কুড়াচ্ছেন তানভীর সুইটি। মঞ্চে তার অভিনীত নতুন দুটি নাটক হচ্ছে ‘মুক্তি’ ও ‘পোহালে শর্বরী’। দুটি নাটকই প্রযোজনা করছে ‘থিয়েটার’। ‘মুক্তি’ নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজুমদার এবং ‘পোহালে শর্বরী’ নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার।










