কয়েক বছর বিরতির পর ফের বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। সিনেমার নাম ‘স্পর্শ’। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করতে যাচ্ছেন নিরব হোসেন। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। এতে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আর তার সঙ্গে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নিরব হোসেনকে। এতে আরো অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায় ও জাকির হোসেন। নতুন খবর হলো এ সিনেমার মাধ্যমে অভিষেক হচ্ছে আরিয়ানা জামানের। যৌথ প্রযোজনার সিনেমাটির শুটিং খুব শিগগির শুরু হতে যাচ্ছে। অসম বয়সের এক ত্রিভুজ প্রেমের গল্প নিয়েই এ সিনেমার গল্প। 

স্পর্শ সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, ‘‌খুব শিগগির এর শুটিং শুরু করব। তবে সময়টা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। আশা করা যায়, আগামী বছর ছবিটি আসতে পারে। দুই দেশেই স্পর্শের শুটিং হবে। সিনেমার গল্পটা অনেক সুন্দর। সত্যি বলতে একে ঘিরে আমার মধ্যে আলাদা ভালো লাগা কাজ করছে। আর সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে অনেক দিন পর ভারতের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার সিনেমা হতে যাচ্ছে। দর্শক, চলচ্চিত্রপ্রেমী যারা আছেন, তাদের কাছে এ ধরনের সিনেমা মানেই বড় বাজেট আর অনেক ভালো প্রডাকশন। সব মিলিয়ে আমারও মনে হয় স্পর্শ তেমনি একটি প্রজেক্ট হবে। আমি আশাবাদী ভালো কিছু হতে যাচ্ছে। দর্শক সিনেমাটি দেখে আনন্দ পাবেন, নিরাশ হবেন না।’

নিরবের বিপরীতে অভিনয় করবেন নবাগতা অভিনেত্রী আরিয়ানা জামান। এ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন তিনি। আরিয়ানা জামান বেশ কয়েক বছর ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া ওয়েব ফিল্ম ও নাটকেও অভিনয় করেছেন । সিনেমাটি নিয়ে আরিয়ানা জামান বলেন, ‘‌আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের জন্য। এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিল। তবে অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে ভালো গল্পের সুন্দর একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। আমি মনে করি নিজেকে প্রমাণ করার সুযোগ পাব। এটা আমার সৌভাগ্য যে আমি নিরব ভাইয়ের মতো একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’

বাংলাদেশের প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট ও ভারতের রোল ক্যামেরা অ্যাকশন যৌথভাবে নির্মাণ করছে সিনেমাটি। 

নব্বইয়ের দশক থেকেই বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হয়ে আসছে। ‘‌পদ্মা নদীর মাঝি’, ‘হঠাৎ বৃষ্টি’ কিংবা ‘‌মনের মাঝে তুমি’র মতো দুর্দান্ত সিনেমা।