বর্তমানে দেশে আলোচিত গায়িকা সোমনূর মনির কোনাল। সিনেমায় প্লেব্যাক, সলো সব ধরনের গানই তিনি করেন। মাছরাঙা টেলিভিশনের স্টার নাইটে এবারের অতিথি তিনি। আর সেখানে তাকে চমকে দিলেন শাকিব খান।

শকিব ও কোনাল দুই অঙ্গনের হলেও তাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ‘প্রিয়তমা’ সিনেমায় ‘তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা’ গেয়েছিলেন কোনাল। গানটি সুপারহিট হয়েছিল। সেই সূত্র ধরেই কোনালকে চমক দিলেন শাকিব।

‘স্টার নাইট’ আয়েজানে অতিথিদের কাছের মানুষ, সহকর্মীরা তাদের নিয়ে ভিডিও বার্তা দেন। এ পর্বে ভিডিও বার্তার মাধ্যমে কোনালকে নিয়ে এমন কিছু কথা বলেছেন শাকিব খান যা কোনালকে রীতিমতো চমকে দিয়েছে।

মাছরাঙার স্টার নাইটে তারকা অতিথিরা খোলাখুলি গল্প করেন। এ পর্বে অনুষ্ঠানে সংগীতজীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অজানা কথা বলবেন কোনাল। বলবেন ইন্ডাস্ট্রিতে পথচলায় নানা রকম অভিজ্ঞতা ও সাফল্য-ব্যর্থতার গল্প। সেই সঙ্গে তার সহশিল্পী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৯টায়।