দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর নতুন সিনেমা ‘শকুন্তলা’। নাম ভূমিকায় থাকছেন সামান্থা। সোমবার তার চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। সামান্থা নিজের টুইটার থেকে ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘প্রকৃতির প্রিয়, অপার্থিব শকুন্তলা’। পৌরাণিক চরিত্র শকুন্তলার রূপে সামান্থাকে সাদা শাড়ি এবং ফুলের গহনা জড়ানো অবস্থায় দেখা যায়। প্রকৃতির কোলে হরিণ, ময়ূর এবং নানা পাখির মধ্যে বসা শকুন্তলারূপী সামান্থাকে সত্যিই অপার্থিব মনে হচ্ছে।

পুরাণের কাহিনী অনুসারে শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা। পরবর্তী সময়ে কন্ব মুনি তাকে লালন-পালনের ভার নেন। কন্ব মুনির আশ্রমে রাজা দুষ্মন্তের সঙ্গে তার পরিচয় ও প্রেম। শিকার করতে আসা দুষ্মন্ত রাজ্যে গিয়ে পুনরায় শকুন্তলার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু কথা রাখতে পারেননি। শকুন্তলার এ চিরায়ত গল্প থেকেই সিনেমাটি তৈরি করছেন পরিচালক গুণশেখর।

শকুন্তলার চিত্রনাট্য ও পরিচালনা উভয়ই গুণশেখর করছেন। তার ঝুলিতে বড় বাজেট বা সুপারহিট ঘরানার সিনেমা না থাকলেও এর আগে তিনি রামায়ণ নিয়ে সিনেমা করেছিলেন। শকুন্তলা সম্পর্কে কথা বলতে গিয়ে সামান্থা বলেন, ‘আমি এর আগে এমন বিস্তারিত চিত্রনাট্যের কথা শুনিনি। পরিচালক তার কল্পনা দিয়ে বিস্তারে একটি জগৎ তৈরি করেছেন। এর একটি অংশ হতে যাচ্ছি বলে আমি অত্যন্ত আগ্রহী এবং চাই পরিচালকের কল্পনা বাস্তবায়ন হোক।’ পোস্টার দেখে সত্যিই মনে হয় গুণশেখরের নিজস্ব কল্পনা তিনি পর্দায় তুলে আনবেন।

সিনেমায় দুষ্মন্তের চরিত্রে অভিনয় করছেন দেব মোহন। এর আগে সুফিয়ুম সুজাতায়ুম সিনেমায় তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। আরেকটি কৌতূহলোদ্দীপক বিষয় হলো আল্লু অর্জুনের কন্যা আল্লু আরহাকে এ সিনেমায় দেখা যাবে। নীলিমা গুণের প্রযোজনা ও শেখর জোসেফের সিনেমাটোগ্রাফিতে শকুন্তলার সংগীত পরিচালনা করেছেন মনি শর্মা। শকুন্তলা একই সঙ্গে তেলেগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস