১০ নভেম্বর মুক্তি পাচ্ছে আদর আজাদ অভিনীত সিনেমা যন্ত্রণা। সিনেমাটি গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির কারণে। যন্ত্রণা পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। সিনেমার গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। জানা গেছে, ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে যন্ত্রণা।
এর আগে লোকাল, তালাশ সিনেমার মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। যন্ত্রণা নিয়েও আশাবাদী এ নায়ক। তিনি বলেন, ‘ভালোবাসার গল্পে যন্ত্রণা নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক পছন্দ করবেন।’
এ সিনেমায় আদরের বিপরীতে অভিনয় করছেন সায়মা স্মৃতি। যন্ত্রণার মধ্য দিয়ে অভিষেক হচ্ছে তার। এর আগে তিনি একাধিক টিভিসিতে কাজ করেছেন। সিনেমাটি নিয়ে সায়মা বলেন, ‘প্রথম সিনেমা মুক্তিতে কিছু নার্ভাস অনুভব হচ্ছে। তবে আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি। আমার বিশ্বাস, দর্শক আমাকে গ্রহণ করবেন।’
আদর ও সায়মা স্মৃতি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন মানসী প্রকৃতি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। সিনেমায়ও অভিনয় করছেন নিয়মিত। এছাড়া ছবিতে আছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ।
সিনেমাটির জন্য গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। চারটি গানে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহসংগীত করেছেন ইমন সাহা।










