সম্প্রতি ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন মো. রবিউল শিকদার পরিচালিত ‘নিয়তি’ নাটকে। এতে তার সঙ্গে দেখা যাবে নাট্যাভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করকে। নাটকটির গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। নিয়তি নাটক নিয়ে বাবু বলেন, ‘আমি এর আগেও রবির নির্দেশনায় অভিনয় করেছি। রবি জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক নির্মাণ করে। নিয়তি নাটকটিও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক। যত্ন নিয়ে রবি নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছে। মাত্র তো কাজটি শেষ করেছি। ঠিকঠাকভাবে সম্পাদনা শেষে এলে বোঝা যাবে কী দাঁড়াল। তবে আশা করছি নাটকটি ভালো হবে এবং দর্শকেরও ভালো লাগবে।’ বর্তমান সময়ে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাবু। ঈদের একাধিক নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা।
অন্যদিকে উর্মিলা শ্রাবন্তী কর নাটকটি প্রসঙ্গে বলেন, ‘ফজলুর রহমান বাবু ভাই বাংলাদেশের একজন গুণী অভিনেতা। তার সঙ্গে একই নাটকে অভিনয় করা নিঃসন্দেহে অনেক ভালো লাগার। বাবু ভাইয়ের মতো অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। নিয়তি নাটকের গল্পটা চমৎকার। আশা করছি ভালো লাগবে দর্শকের।’
নিয়তি নাটকটি কবে প্রচার করা হবে এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা রবিউল শিকদার জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘আমার পরম সৌভাগ্য আমি বাবু ভাইকে নিয়ে কাজ করতে পারি। তিনি এত বড় একজন অভিনেতা যে আমার মতো অতি সাধারণ একজন নির্মাতার নির্দেশনায় বেশ আনন্দ নিয়ে কাজ করেন। হ্যাঁ, এটা সত্যি যে আমি জীবন ঘনিষ্ঠ গল্প নিয়ে কাজ করি। এ ধরনের গল্পে বিশেষ চরিত্রে বাবু ভাইয়ের বিকল্প এখন নেই বললেই চলে। ধন্যবাদ বাবু ভাই, উর্মিলা আপুসহ সবাইকে।’
এ সময়ে এসে নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন ফজলুর রহমান বাবু। টেলিভিশন, বড় পর্দা ও ওয়েব মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রেই তাকে দেখা যায়। কিন্তু সে তুলনায় উর্মিলা শ্রাবন্তী করকে খুব বেশি কাজ করতে দেখা যায় না। ঈদে মুক্তি পেতে যাওয়া নাটক নিয়তির মধ্য দিয়ে দুই অভিনয় শিল্পীকে একসঙ্গে দেখা যাবে। নির্মাতা রবিউল শিকদার তার আসন্ন এ নাটক নিয়ে আশাবাদী। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানিয়েছেন তিনি।










