হ্যালোইনকে সামনে রেখে বিভিন্ন দেশেই নানা আয়োজন হয়। এবার আমাদের দেশেও হ্যালোইন হবে রহস্যময়। হ্যালোইনের মাসজুড়ে মুক্তি পাবে চরকি অরিজিনাল সিরিজ ‘‌প্রচলিত’র পাঁচটি শর্টফিল্ম। পাঁচটি গল্প নিয়ে পাঁচ পর্বের অ্যান্থোলজিটি আজ থেকে স্ট্রিমিং শুরু হবে। প্রথম গল্প ‘‌রিংটোন’। 

সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে অ্যান্থোলজির কাহিনী। প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে একটি করে নতুন পর্ব। শুরু হচ্ছে ২৫ মিনিট দৈর্ঘ্যের ‘‌রিংটোন’ দিয়ে। এরপর যথাক্রমে ২৬ অক্টোবর ‘‌বিলাই’ (২৩ মিনিট), আগামী ২ নভেম্বর ‘‌বেওয়ারিশ’ (২৬ মিনিট), আগামী ৯ নভেম্বর ‘‌কলিংবেল’ (২৯ মিনিট) ও আগামী ১৬ নভেম্বর থেকে স্ট্রিম হবে ‘‌হাতবদল’ (১৮ মিনিট)। সিরিজটি পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক। 

‌প্রচলিততে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, আব্দুল্লাহ আল সেন্টু, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিণ খান, রাফায়েতুল্লাহ সোহান, শাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরো অনেকে। 

ফোন বন্ধ থাকলেও কেন কল আসছে, কে কল দিচ্ছে, কী চাচ্ছে, ১৯ অক্টোবর সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে ‌প্রচলিতর প্রথম পর্ব ‘‌রিংটোন’। ২৫ মিনিটের এ পর্বে দেখা যাবে মোস্তফা মনওয়ার ও অশোক বেপারীকে। 

সিরিজে নিজের চরিত্র প্রসঙ্গে মোস্তফা মনওয়ার বলেন, ‘‌চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। এক রাতের গল্প। একটা অপকর্মের পর থেকে ওই চরিত্রটি এক ধরনের ট্রমার মধ্য দিয়ে যায়। এটা ফুটিয়ে তোলার জন্য পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকেও। ট্রমা, তারপর শারীরিক কসরত, দৌড়াদৌড়ি ছুটোছুটি সবকিছু করাটা শারীরিকভাবে আমার জন্য খুব কঠিন ছিল। সকালে যখন প্যাকআপ হলো, তখন মোটামুটি অর্ধচেতন অবস্থা। গল্পের মধ্যে ওই চরিত্রের যে অবস্থা, বাস্তবে আমারও একই অবস্থা দাঁড়িয়েছিল।’ 

সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘‌কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। প্রচলিতর গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সে ভাবনাগুলোকেই সমসাময়িক অবস্থার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এ সময়কে প্রতিফলিত করার।’ 

কাজটা করতে গিয়ে কেমন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে জানিয়ে আবিদ বলেন, ‘‌আসলে যেকোনো প্রডাকশনেই চ্যালেঞ্জ থাকে। রাইটার্স রুম থেকে শুরু করে লোকেশন খোঁজা, প্রডাকশন ডিজাইন, রাতভর শুটিং শেষে পোস্ট-প্রডাকশনের কাজ, পুরোটায়ই চ্যালেঞ্জ ছিল। কিন্তু এ প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত সবার সহযোগিতা ছিল বলেই শত চ্যালেঞ্জ সত্ত্বেও কাজটা আমরা ঠিকঠাকভাবে করতে সক্ষম হয়েছি।’

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিংয়ে ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।