প্রভাসকে নিয়ে আবারো স্বপ্ন দেখছে ভারতের সিনেমা ও সিনেমাপ্রেমীরা। গত বছর মুক্তি পাওয়া ‘‌সালার’ নিয়ে অনেক সমালোচনা থাকলেও সিনেমাটি ভালো ব্যবসা করেছে। সেদিক থেকে প্রভাস এখন এগিয়েই আছেন। মুক্তির অপেক্ষায় আছে নাগ অশ্বিন পরিচালিত ‘‌কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটির গল্প ও নির্মাণ নিয়ে নানা কথাই হচ্ছে। সম্প্রতি নির্মাতা নাগ জানালেন, এটি হতে যাচ্ছে ভারতের অন্যতম বৃহৎ পরিসরের সিনেমা। এতে মহাভারতের সময় থেকে ২৮৯৮ খ্রিস্টাব্দের সময় নিয়ে এসেছেন তিনি।

সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অশ্বিন। প্রযুক্তির সাহায্য নিতে হয়েছে তাকে। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা তিন-চার বছর আগে সিনেমাটার প্রি-প্রডাকশনের কাজ শুরু করেছি। তখন প্রযুক্তি এত উন্নত ছিল না। আমাদের আরো উন্নত প্রযুক্তির প্রয়োজন ছিল।’ অশ্বিন তার সিনেমার মাধ্যমে একটা নতুন পৃথিবী তৈরি করতে চেয়েছেন। অনেকটা তৈরিও করেছেন। আর তার জন্য দীর্ঘ সময় ও বারবার কাজ করতে হয়েছে তাকে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম পর্দার দিকে তাকালে দর্শক যেন একটা নতুন পৃথিবী দেখতে চায়, যা আমরা তৈরি করছি। আর সেটা তৈরি করার জন্য শিল্পীদের নিয়ে কাজ করতে হয়েছে। তাদের বারবার নির্দেশনা দিয়ে সে ফ্রেম ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে হয়েছে।’

সিনেমার সে পৃথিবী একটা বড় কালপর্ব উপস্থাপন করে। এ নিয়ে নাগ অশ্বিন বলেন, ‘আমাদের সিনেমা মহাভারতের সময় থেকে শুরু, আর শেষ ২৮৯৮ খ্রিস্টাব্দে। এ কারণেই সিনেমার নাম কল্কি ২৮৯৮ এডি। ছয় হাজার বছরের গল্প আমরা একটা সিনেমার মধ্যে নিয়ে এসেছি। মূলত ছয় হাজার বছরের দূরত্ব ঘুচিয়ে দুটো সময়কে এক জায়গার আনার চেষ্টা করেছি।’

দুটো আলাদা সময় বা অনেকগুলো সময়ের পৃথিবীর উপস্থাপনা পাওয়া যাবে কল্কিতে। সে কারণেই একটা কাল্পনিক দুনিয়া তৈরি করেছেন অশ্বিন। তিনি বলেন, ‘এমন একটা পৃথিবী বানাতে হয়েছে, যা আমাদের সামনে নেই। তাকে কল্পনা করে নিজেদের মতো করে তৈরি করতে হয়েছে। আর সেখানে ভারতীয় ভাবটাও রাখার পুরো চেষ্টা করা হয়েছে। আমরা চেয়েছি সিনেমাটা কল্কিই হোক, ব্লেড রানার না।’

প্রায় ৬০০ কোটি রুপি বাজেটে নির্মাণ হচ্ছে কল্কি ২৮৯৮ এডি। সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান ও রানা দাগুবতি। কল্কির ফার্স্ট লুক প্রকাশ হয়েছিল ২০২৩ সালের কমিক-কনে। অনেকেই একে তুলনা করছেন ‘‌ডুন’ ও ‘‌স্টার ওয়ার্স’-এর সঙ্গে। এদিকে সালারের পর প্রভাস এখন মোটামুটি তুঙ্গে আছেন। সঙ্গে দীপিকা, অমিতাভ ও কমল হাসানকে নিয়ে সিনেমাটি এখন বেশ মনোযোগ পাচ্ছে। আগামী ৯ মে মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: ইয়ন