কয়েক দিন পরেই বিদায় নেবে ২০২০। বিশ্বজুড়ে চলচ্চিত্র অঙ্গনে খরা এখনো কাটেনি। করোনাভাইরাসের মহামারীতে দারুণভাবে বিপর্যস্ত হয়েছে চলচ্চিত্র দুনিয়া। বছর শেষে পর্যবেক্ষক, সমালোচকরা একটি বিশেষ ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন—আর সেটা হলো সুপারহিরো। এ বছর এখানো দুনিয়াকে রক্ষা করতে কোনো সুপারহিরোর আগমন ঘটেনি। অবশ্য বড়দিনে আসছে ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর।
এক দশক ধরে হলিউডে ক্রমেই প্রভাব বাড়ছে কমিক-বুক নির্ভর চলচ্চিত্রে। বিশ্বব্যাপী দর্শকরাও তাদের প্রিয় কমিক সুপারহিরোকে বড় পর্দায় দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন। তবে কভিড বছর প্রায় কেটে গেল বড় কোনো নতুন সুপারহিরো ফিল্ম ছাড়াই। বার্ডস অব প্রে কিংবা দ্য নিউ মিউট্যান্টসের মতো কয়েকটি ছবি অবশ্য বেরিয়েছে। অন্যদিকে বড় সুপারহিরো ছবি ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে নির্দিষ্ট তারিখের প্রায় এক বছর পর।
এ বছর যেসব সুপারহিরো ছবির কাজ পিছিয়ে গেছে, সেগুলোর অনেকই হয়তো ২০২১ সালে মুক্তি পাবে। কিন্তু এ বিরতি কি হিরোইজম নিয়ে দর্শকদের ধারণা, সিনেমার ট্রেন্ডে তেমন পরিবর্তন আনতে পারবে?—এমন প্রশ্ন নিয়ে বছর শেষে মাথা ঘামাচ্ছেন সমালোচকরা।
২০২০ সালে বাস্তব দুনিয়ার নায়ক ছিলেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবাকর্মী, ভ্যাকসিন গবেষক ও কর্মীরা। কাপ্টেন আমেরিকা মহামারী থেকে মানুষকে বাঁচাতে তেমন কিছু করতে না পারলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা শতবর্ষী ব্রিটিশ ক্যাপ্টেন টম স্বাস্থসেবা খাতের জন্য ৪ কোটি ডলারের তহবিল সংগ্রহ করে দিয়েছেন।
সমালোচকরা বলছেন, সামনে দিনে দর্শকরা এই বাস্তব দুনিয়ার নায়কদের থেকে আবার সেই কল্পনার জগতের রঙচঙা সুপারহিরোদের দেখতে আগ্রহী হবেন কিনা তা একটা বড় সমাজতাত্ত্বিক প্রশ্ন নিশ্চয়। ২০১০ থেকে সুপারহিরোদের আধিপত্যকে অনেকে দেখছেন মানুষের পলায়নবাদী মানসিকতা হিসেবে। অন্যদিকে পর্যবেক্ষকরা মনে করছেন সুপারহিরোদের জৌলুস কমে আসার লক্ষণ দেখা যাচ্ছে। যেমন চ্যাডউইক বোজম্যানের মৃত্যু ব্ল্যাক প্যান্থারের ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলে দিয়েছে।
ওয়ান্ডার ওম্যানের পর ডিসি আনবে দ্য সুইসাইড স্কোয়াড। এরপর ২০২২ সালে আসবে রবার্ট প্যাটিনসনের দ্য ব্যাটম্যান। কভিড পরবর্তী যুগে দর্শকরা তাই আবার সুপারহিরো ছবিতে মেতে উঠতে পারেন। আবার এটাও ঘটতে পারে এ বছরের ব্যক্তি-সমাজ জীবনের বিপর্যয় প্রত্যক্ষ করা মানুষ আর সুপারহিরোদের কাল্পনিক দুনিয়া নিয়ে আগ্রহী হবেন না। সেক্ষেত্রে অ্যাভেঞ্জার এন্ডগেমই হয়ে যেতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান










