বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর পূর্তি হলো। পাশাপাশি পূর্ণ হলো দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে নেতৃত্বদানকারী জাতীয় সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর। এ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান ১৯ মার্চ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও জাতীয় উদযাপন পরিষদের সদস্য সচিব বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে শুভেচ্ছা দেন করেন চলচ্চিত্রকার ও জাতীয় উদযাপন পরিষদের আহ্বায়ক মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার।

অনুষ্ঠানে শতাধিক চলচ্চিত্র সংসদের মধ্য থেকে নির্বাচিত ১৫টি চলচ্চিত্র সংসদকে ‘ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সংসদগুলো হলো বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, সিনে আর্ট সার্কেল, অনুস্টুপ ফিল্ম সোসাইটি, সিনেপল ফিল্ম সোসাইটি, রেইনবো ফিল্ম সোসাইটি, চিত্রালী পাঠক-পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস), সায়েন্স সিনে ক্লাব, চলচ্চিত্রম চলচ্চিত্র সংসদ, ঋত্বিক চলচ্চিত্র সংসদ, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, চোখ ফিল্ম সোসাইটি (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ), চিলড্রেন’স ফিল্ম সোসাইটি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এর মধ্যে কেবল ‘বাংলাদেশ চলচ্চিত্র সংসদ’কে হীরক সম্মাননা এবং অন্য ১৪টি চলচ্চিত্র সংসদকে সুবর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে।