শুক্রবার জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’। ২৩তম এ আসর সন্ধ্যা ৬টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কভিড মহামারীর কারণে গত দুই বছর মেরিল-প্রথম আলো পুরস্কারের আয়োজন করা হয়নি। দুই বছর বিরতির পর অনুষ্ঠিত হয়েছে এবারের আসর।
সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য ভালো খবর। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ আমার করা ভালো কাজের একটি। একটা কাজের প্রশংসা পেলে সেটাই স্বীকৃতি। মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের উল্লেখযোগ্য একটি পুরস্কার। এটা পাওয়া একজন অভিনেতার জন্য আনন্দের। সবাইকে ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ, তারা ভালো কাজ দেখেন এবং আমাদের অনুপ্রাণিত করেন।’
এবার প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মকে যুক্ত করা হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কারে। ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সমালোচকদের বিচারে সেরা পরিচালক
আশফাক নিপুন। এ নিয়ে আশফাক নিপুন বলেন, ‘মেরিল প্রথম আলো পুরস্কার বাংলাদেশের সর্বগ্রহণযোগ্য পুরস্কারের একটি। আমার প্রথম ওয়েব সিরিজ মহানগর এর জন্য পুরস্কার পাওয়া তাই আমার কাছে বিশাল অনুপ্রেরণা। সমালোচক পুরস্কারের জুরি বোর্ডে যারা ছিলেন এত পরিচালকের মাঝে আমাকে নির্বাচন করেছেন এটা অবশ্যই প্রাপ্তি। ‘মহানগর’
যেমন দুহাত ভরে দর্শকের ভালোবাসা পেয়েছে আবার সমালোচক পুরস্কার অর্জনও একে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।’
সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্রে সেরা অভিনেতা হয়েছেন মনোজ প্রামাণিক। তিনি জানান, ‘আলাদা ভালো লাগা কাজ করছে। ভালো কাজের আকাঙ্ক্ষা বেড়ে গেল।’
তারকা জরিপে সেরা নবীন অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এ অভিনেত্রী বলেন, ‘অনেক ভালো লাগছে। এত বড় একটি সম্মাননা আমার প্রথম সিনেমা মিশন এক্সট্রিমের জন্য। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আসরে আজীবন সম্মাননা দেয়া হয়েছে জীবন্ত কিংবদন্তি দুই গায়িকা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে। তারকা জরিপ পুরস্কার বিভাগে সেরা চলচ্চিত্র অভিনেতার ও অভিনেত্রী সিয়াম আহমেদ ও জয়া আহসান। সেরা টেলিভিশন অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।
সমালোচকদের বিবেচনায় সেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সেরা চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। সেরা পরিচালক এন রাশেদ চৌধুরী (চন্দ্রাবতী কথা)। সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী-অভিনেতা তাসনিয়া ফারিণ ও কিসলু গোলাম হায়দার। সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্রে সেরা চিত্রনাট্যকার মারুফ হোসেন।










