নব্বই দশকের রোজা কিংবা বোম্বে যারা দেখেছেন, তাদের স্মৃতি থেকে অরবিন্দ স্বামীর নাম মুছে যাওয়ার নয়। দীর্ঘ বিরতির পর কয়েক বছর ধরে আবার দক্ষিণের চলচ্চিত্রে কাজ শুরু করেছেন অরবিন্দ এবং ছবিগুলো সাফল্যও পাচ্ছে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘থালাইভি’
ছবিতে দেখা যাবে অরবিন্দকে।
আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নারী রাজনীতিবিদ জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’। এ ছবিতে ‘জনগণের রাজা’খ্যাত তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত রাজনীতিবিদ এমজি রামচন্দ্রনের ভূমিকায় দেখা যাবে অরবিন্দ স্বামীকে। এ চরিত্রে অরবিন্দের লুক সম্প্রতি প্রকাশ করা হয়েছে থালাইভির টিমের পক্ষ থেকে।
এ উপলক্ষে অরবিন্দ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এমজিআরের চরিত্র করাটা কেবল বড় সম্মানই নয় বরং একটা বিরাট দায়িত্বও। আমার ওপর ভরসা রাখার জন্য পরিচালক এএল বিজয় ও প্রযোজকদের ধন্যবাদ।’
প্রকাশিত ছবিগুলোয় এমজি রামচন্দ্রনের রাজনৈতিক জীবনের কিছু দৃশ্য দেখা গেছে। থালাইভির মাধ্যমে ২৫ বছর পর বলিউডে ফিরছেন অরবিন্দ স্বামী।
থালাইভির প্রযোজক শৈলেশ আর সিং লিখেছেন, ‘ছবির লুকগুলো নিয়ে দর্শকের দারুণ সাড়া পাওয়া গেছে—তা সে জয়ললিতার চরিত্রে কঙ্গনা রানাওয়াত কিংবা এমজিআরের ভূমিকায় অরবিন্দ স্বামী। দর্শকের প্রশংসা আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য প্রেরণা দেয়, আরো ভালো মানের কাজের প্রতি দায়বদ্ধ করে। এমজিআরের রাজনৈতিক জীবনের শেষ দিকে চিত্র ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নেয়ার পর অরবিন্দ স্বামীকে নিয়ে আমরা যথেষ্ট পরিশ্রম করে সব ডিটেইলিং করেছি।’
উল্লেখ্য, এমজি রামচন্দ্রন কেবল রাজনীতিবিদ ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীই ছিলেন না বরং তিনি তামিল সিনেমার একজন কিংবদন্তি অভিনেতাও।
কঙ্গনা রানাওয়াত ও তার দল সম্প্রতি থালাইভির শুটিং শেষ করেছেন। কঙ্গনার মতে, থালাইভি তার জীবনের সবচেয়ে উচ্চভিলাসী প্রকল্প।
সূত্র: মুম্বাই মিরর










